ভূপাল: একটি প্রাচীন বাড়ি ভেঙে মিলল কলস ভর্তি গুপ্তধন। আর সেই গুপ্তধন আত্মসাৎ করে গ্রেপ্তার হল আট শ্রমিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। জানা গিয়েছে, এই রাজ্যের ভূপাল শহরের ধর এলাকায় বাড়ি শিব নারায়ন রাঠোরের। প্রায় একশ বছরের প্রাচীন এই বাড়িটি ভাঙার সময় শ্রমিকদের হাতে পড়ে প্রচুর স্বর্ণ মুদ্রা ও সোনার গহনা ভর্তি কলস। কিন্তু এই অপ্রত্যাশিত বিপুল গুপ্তধন দেখে লোভ সামলাতে পারেনি শ্রমিকরা। রাতারাতি ধনী হওয়ার বাসনায় সেই স্বর্ণ মুদ্রা ও গহনা তারা গোপনে বিক্রি করে দেয়। গত ১৯ ও ২১শে আগস্ট ওই বাড়িতে কাজ করার সময় ওই ধাতব কলসে পাওয়া ৮৪ টি সোনার মুদ্রা ও গহনা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করার অপরাধে ৮ শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮৩ টি সোনার মুদ্রা ও ২ টি সোনার টুকরো। সোনার মুদ্রা গুলির আনুমানিক দাম প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা। সেগুলি যোধপুরের রাজ আমলের বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যে মুদ্রাগুলি পাওয়া গিয়েছে, সেগুলি প্রায় ২০০ বছরের প্রাচীন বলে পুরাতত্ত্ব বিভাগের ধারণা। পুলিশ ঘটনার আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে।
previous post
