সংবাদ কলকাতা — ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’ (VBG Ram G) প্রকল্পের বাস্তবায়নে গতি আনতে কলকাতায় (Kolkata) বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক (Ministry of Rural Development)। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রাজ্য, জেলা, ব্লক এবং পঞ্চায়েত স্তরের প্রশাসনিক আধিকারিকেরা অংশ নেবেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রকল্প কার্যকর হলেও বহু গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধান ও জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে কাজের গতি প্রত্যাশিত নয়। সেই পরিস্থিতিতে প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব আরও বাড়িয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকেরা পরে নিজ নিজ জেলা ও মহকুমা স্তরেও একই ধরনের প্রশিক্ষণ দেবেন। শুধু ‘জি রাম জি’ নয়, গ্রামোন্নয়নের অন্যান্য প্রকল্প নিয়েও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ১ জুলাই প্রকল্প চালু হওয়ার পর রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও সীমিত সংখ্যক পঞ্চায়েতে প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রায় ১৪ হাজার কোটি টাকার এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, ‘জি রাম জি’ প্রকল্পে বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার ৮,৫০৮ কোটি টাকা এবং রাজ্য সরকার ৫,৬৭২ কোটি টাকা বরাদ্দ করেছে। শ্রমিকদের মজুরি সরাসরি ব্যাঙ্ক বা ডাকঘরের অ্যাকাউন্টে জমা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে মজুরি না মিললে ক্ষতিপূরণের ব্যবস্থাও রয়েছে।
