April 14, 2026
বিদেশ

‘ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না’, হুঁশিয়ারি ট্রাম্পের, অবরোধ ঘিরে উত্তেজনা চরমে

ওয়াশিংটন: ইরানকে কড়া বার্তা দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না’। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ ইতিমধ্যেই শুরু হয়েছে।

ওভাল অফিসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে মূল বিরোধের কেন্দ্রবিন্দু তাদের পারমাণবিক সক্ষমতা। তাঁর কথায়, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছিলাম, কিন্তু এই একটি বিষয়ে তারা রাজি হয়নি। তবে আমি নিশ্চিত, তারা শেষ পর্যন্ত রাজি হবে। না হলে কোনও চুক্তিই হবে না।’

ট্রাম্প দাবি করেন, ইরান ইতিমধ্যেই আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে। তাঁর বক্তব্য, ‘ওরা খুবই চুক্তি করতে চায়। আমাদের সঙ্গে যোগাযোগও করেছে।’

এদিকে সামরিক পদক্ষেপ নিয়েও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, নির্দিষ্ট সময় থেকেই নৌ অবরোধ কার্যকর হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ইরানকে চাপে রাখা এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফেরানোই লক্ষ্য বলে দাবি তাঁর।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা কোনও দেশকে গোটা বিশ্বকে ভয় দেখাতে বা চাপে রাখতে দেব না। ইরান সেটাই করার চেষ্টা করছে।’ হরমুজ প্রণালীর গুরুত্ব স্বীকার করলেও তিনি দাবি করেন, আমেরিকার নিজের জ্বালানি সম্পদ থাকায় এই জলপথের ওপর তাদের নির্ভরতা নেই। ‘আমাদের প্রয়োজন নেই, কিন্তু বিশ্বের প্রয়োজন রয়েছে’—বলেন তিনি।

ইরানের সামরিক শক্তি নিয়েও কড়া মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, ইরানের নৌবাহিনী, বায়ুসেনা ও প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে সতর্কবার্তাও দেন তিনি। ‘চুক্তি না হলে পরিস্থিতি সুখকর হবে না’—এই মন্তব্য করে ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি আরও জানান, এই অবরোধ কার্যকর করতে অন্য কয়েকটি দেশও সহযোগিতার প্রস্তাব দিয়েছে, যার বিস্তারিত শীঘ্রই জানানো হতে পারে।

Related posts

Leave a Comment