August 26, 2026
কলকাতা

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে সভা নিয়ে টানাপোড়েন, হাই কোর্টে কালীঘাটপন্থী শিবির

সংবাদ কলকাতা:— তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের অভ্যন্তরীণ মতবিরোধ। আগামী ২৮ আগস্ট কলকাতার মেয়ো রোডে সভা করার অনুমতি নিয়ে কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। একই দিনে, একই জায়গায় কর্মসূচির অনুমতি চেয়ে দুই পক্ষের আবেদন ঘিরে জটিলতা তৈরি হয়েছে।

প্রতি বছরই ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে বড় কর্মসূচির আয়োজন করা হয়। এবারও সেই প্রস্তুতি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। কিন্তু একই জায়গায় ওই দিন সভা করার অনুমতি চেয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও কলকাতা পুলিশের কাছে আবেদন করেছে বলে জানা গিয়েছে।

ফলে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পরিস্থিতি তৈরি হয়েছে। একুশে জুলাইয়ের মতোই এবারও পৃথক কর্মসূচির সম্ভাবনা দেখা দিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের দাবি, মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই কলকাতা পুলিশকে লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনের বিষয়ে পুলিশের কাছ থেকে কোনও উত্তর না আসায় পরবর্তী সময়ে আরও দু’বার যোগাযোগ করা হয়।

৩ আগস্ট এবং ৭ আগস্ট ফের চিঠি দিয়ে সভার অনুমতির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বলে দাবি ওই শিবিরের। তাঁদের অভিযোগ, এত দিনেও পুলিশের তরফে কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। এর পরেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ।

সোমবার কলকাতা হাই কোর্টে বিষয়টি জানানো হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাকারীদের আইনজীবী সভার অনুমতি সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরেন। একই দিনে দুই পক্ষের আবেদন থাকায় প্রশাসন কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২৮ আগস্টের কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই দুই শিবিরের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। ফলে মেয়ো রোডে শেষ পর্যন্ত কার কর্মসূচি হবে, নাকি প্রশাসনের তরফে অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

Related posts

Leave a Comment