নয়াদিল্লি, ২০ জানুয়ারি ২০২৬ – আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র দু’সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক টানাপোড়েনের আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে নিজেদের দলের প্রস্তুতি আপাতত স্থগিত রেখেছে বলে জানিয়েছে ইসলামাবাদভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।রিপোর্ট অনুযায়ী, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে চলা এই বিশ্বকাপের জন্য পাকিস্তান দল বর্তমানে কোনও প্রস্তুতিতে এগোচ্ছে না।
যদিও এই বিষয়ে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও পরিবর্তন বা প্রতিক্রিয়া জানায়নি।বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনের সূত্রপাত হয় আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর। অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করে।এর পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং আইসিসিকে চিঠি লিখে নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবি জানায়। ইমেল ও ভার্চুয়াল বৈঠকে সমাধান না হওয়ায় ১৭ জানুয়ারি আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় গেলেও আলোচনা ফলপ্রসূ হয়নি।আইসিসি তাদের সূচি অপরিবর্তিত রেখে বাংলাদেশকে গ্রুপ সি-তে রেখেছে, যেখানে রয়েছে ইতালি, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।
আইসিসি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ভারত সফরে না গেলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিবেচনা করা হতে পারে। যদিও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন দাবি করেছেন, এই বিষয়ে আইসিসি কোনও চূড়ান্ত সময়সীমা জানায়নি।এরই মধ্যে ১৯ জানুয়ারি পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিসিবির উদ্বেগকে যুক্তিসঙ্গত বলে আখ্যা দেয়। প্রয়োজনে শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিয়েছে পিসিবি। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, পরিস্থিতির সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে।
উল্লেখ্য, বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা। অন্যদিকে গ্রুপ এ-তে থাকা পাকিস্তান ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে অভিযান শুরু করবে এবং ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হবে।
previous post
