September 6, 2026
দেশ

কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে

দিল্লি—দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বম্বে হাই কোর্টের বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। শনিবার কেন্দ্রীয় সরকার দেশের আটটি হাই কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সেই তালিকায় রয়েছে কলকাতা হাই কোর্টও। বর্তমানে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকা বিচারপতি ঘুগে শীঘ্রই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন।

কলকাতা হাই কোর্ট বেশ কিছুদিন ধরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে চলছিল। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল আইনজীবী মহলে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের পর সেই জট কাটল। বিচারপতি ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন কলেজিয়াম। পরে রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে।


বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগের দীর্ঘ আইনজীবী ও বিচারক জীবনের অভিজ্ঞতা রয়েছে। ১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। প্রথম দিকে বম্বে হাই কোর্ট এবং শ্রম ও শিল্প আদালতে শ্রমিক ও শ্রমিক সংগঠনের হয়ে প্রায় দুই হাজার মামলায় সওয়াল করেন। পরবর্তী সময়ে বিভিন্ন শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও মামলা লড়েছেন। প্রায় আড়াইশো শিল্প প্রতিষ্ঠানের হয়ে আদালতে সওয়াল করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

২০১৩ সালের ২১ জুন বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন ঘুগে। চলতি বছরের জুনে বম্বে হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রীচন্দ্রশেখর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হওয়ার পর বিচারপতি ঘুগেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হল।

স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের ফলে কলকাতা হাই কোর্টের প্রশাসনিক কাজে আরও ধারাবাহিকতা আসবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। বিশেষ করে বিচারপতি নিয়োগ, বেঞ্চ গঠন, মামলার প্রশাসনিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে স্থায়ী নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


শুধু কলকাতা নয়, একই বিজ্ঞপ্তিতে দেশের আরও সাতটি হাই কোর্টের প্রধান বিচারপতিও নিয়োগ করা হয়েছে। দিল্লি হাই কোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাওকে পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। ছত্তিশগড় হাই কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়াল দায়িত্ব পাচ্ছেন রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে। এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী হচ্ছেন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি।

এছাড়াও পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্রকে ওই আদালতের প্রধান বিচারপতি করা হয়েছে। ওড়িশা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণরাম মহাপাত্র হচ্ছেন ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতি। গুজরাত হাই কোর্টের বিচারপতি আলপেশ যশবন্ত কোজেকে মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। রাজস্থান হাই কোর্টের বিচারপতি পুষ্পেন্দ্র সিং ভাটিকে জম্মু-কাশ্মীর ও লাদাখ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ফলে দীর্ঘদিন ভারপ্রাপ্ত নেতৃত্বে চলার পর কলকাতা হাই কোর্ট এবার পূর্ণ সময়ের স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে। বিচারপতি ঘুগের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতায় কলকাতা হাই কোর্টের বিচারপ্রক্রিয়ায় নতুন গতি আসবে বলেই আশা আইনজীবী মহলের।

Related posts

Leave a Comment