মামদোট: পাঞ্জাবে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। তার মধ্যেই শনিবার রাতে আম আদমি পার্টির নেতা গুরপ্রীত সিং গোপীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মামদোট এলাকায় মোটরবাইকে করে যাওয়ার সময় একটি গাড়িতে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে (Police Investigation) উঠে এসেছে, গুরপ্রীত এক বন্ধুর সঙ্গে মোটরবাইকে যাচ্ছিলেন। তাঁদের পিছনে আরও কয়েকজন বন্ধু একটি গাড়িতে ছিলেন। অভিযোগ, হামলাকারীরা অন্য একটি চারচাকার গাড়িতে করে তাঁদের পিছু নেয়। মোটরবাইকের কাছে পৌঁছেই গুরপ্রীতকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। হামলাকারীরা পিছনে থাকা তাঁর বন্ধুদের গাড়িতেও গুলি চালায় বলে অভিযোগ।
গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান গুরপ্রীত। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হত্যাকারীদের ধরতে একাধিক পুলিশ দল (Police Teams) তৈরি করে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। গুরপ্রীতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই হত্যাকাণ্ডের নেপথ্যে পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক বিরোধ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর পুরনো অপরাধের ইতিহাসও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার ভূপিন্দর সিং সিধু জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল এবং হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে খুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। নির্বাচনের আগে আপ নেতার এই হত্যাকাণ্ড পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
