17 C
Kolkata
February 4, 2026
খেলা

গোট ইন্ডিয়া ট্যুরের শেষ পর্ব দিল্লিতে— অরুণ জেটলি স্টেডিয়ামে সংবর্ধিত লিয়োনেল মেসি

দিল্লি, ১৬ ডিসেম্বর: ভারতে লিয়োনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর শেষ অধ্যায় লেখা হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর্জেন্টিনার ফুটবল মহাতারকাকে সেখানে বিশেষ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ মেসির হাতে তুলে দেন পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারত বনাম আমেরিকা ম্যাচের টিকিট। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি।

মেসির সঙ্গে তাঁর সতীর্থ রদ্রিগো দে পল ও লুইস সুয়ারেজকেও সম্মান জানানো হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ফ্রেমে বাঁধানো একটি ক্রিকেট ব্যাট এবং ভারতীয় দলের জার্সি। অনুষ্ঠানে ব্যক্তিগত আবেগের ছোঁয়া যোগ করেন ভারতের প্রাক্তন গোলরক্ষক অদিতি চৌহান। যিনি এক সময় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে মহিলা প্রিমিয়ার লিগে খেলেছিলেন। তিনি তিন ফুটবলারকেই স্বাক্ষরিত টি-শার্ট উপহার দেন।

স্টেডিয়ামে উচ্ছ্বসিত সমর্থকদের সংবর্ধনায় আপ্লুত মেসি বলেন, ‘ভারতে এই কয়েক দিনে যে ভালবাসা ও স্নেহ আপনারা আমাদের দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমাদের কাছে এটা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। সফরটা খুব সংক্ষিপ্ত এবং ব্যস্ত ছিল, তবু এই ভালবাসা নিজের চোখে দেখা অবিশ্বাস্য। সবকিছুই ছিল বিস্ময়কর, যেন নিখাদ উন্মাদনা। এই ভালবাসার জন্য আবারও ধন্যবাদ। আমরা নিশ্চয়ই কোনও একদিন আবার ফিরব— হয়তো কোনও ম্যাচ খেলতে, কিংবা অন্য কোনও উপলক্ষে।’

দিনের শুরুতে কুয়াশার কারণে মেসির চার্টার্ড বিমানে কিছুটা দেরি হয়। দিল্লিতে পৌঁছে তিনি সরাসরি একটি বেসরকারি হোটেলে যান। সেখানে সীমিত সংখ্যক অতিথির সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ দরজার মধ্যে সাক্ষাৎপর্বে অংশ নেন।

এর আগে ভারতের বিভিন্ন শহরে এই সফর নানা অভিজ্ঞতায় ভরা ছিল। কলকাতায় যুবভারতীতে ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতায় শুরুটা ছিল অশান্ত। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে পর্যাপ্ত ব্যবস্থার অভাব উত্তেজনাকে রূপ দেয় হতাশায়। তবে হায়দরাবাদে পরিস্থিতি ছিল অনেক বেশি নিয়ন্ত্রিত। সেখানে শিশুদের সঙ্গে আলাপ, ছবি তোলা এবং উপ্পল স্টেডিয়ামে একটি ক্লাব ম্যাচ চলাকালীন বড় পর্দায় উপস্থিত হয়ে দর্শকদের অভিবাদন জানান মেসি।

মুম্বই সফরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যায় অন্য ছবি। সেখানে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, বর্তমান ও প্রাক্তন ভারতীয় ফুটবলার, চলচ্চিত্র জগতের তারকা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে মেলামেশা করেন তিনি।

সব মিলিয়ে, ফুটবল, ক্রিকেট ও সংস্কৃতির মেলবন্ধনে ভরা এই সফরের শেষ পর্ব দিল্লিতে এক স্মরণীয় মুহূর্তে গিয়ে শেষ হল, যা দীর্ঘদিন মনে রাখবেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।

Related posts

Leave a Comment