দেশে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, মহিলারা কালো শাড়ি পরে হাঁড়ি, কড়াই, হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হোন।
মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে সাদা শাড়ি পরবেন। আর এই মিছিলের পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের নেত্রী Chandrima Bhattacharya-কে। কোথা থেকে এবং কখন মিছিল শুরু হবে, তা পরে জানানো হবে বলে দলীয় সূত্রে খবর।
সম্প্রতি রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু প্রায় ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা। তিনি বলেন, “গ্যাসের দাম বেড়েছে। মহিলা ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে। তাই রবিবার মিছিল হবে। গ্যাস নেই, রান্না নেই, খাবার নেই— হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, সংখ্যালঘু, জনজাতি, রাজবংশী বা তফসিলি— যে কোনও সম্প্রদায়ের মা-বোনদের মানবিকতার খাতিরে এই প্রতিবাদে শামিল হওয়া উচিত। তিনি মহিলাদের কালো শাড়ি পরে মিছিলে আসার আহ্বান জানান।
এ প্রসঙ্গে আইনজীবীদের কালো কোটের উদাহরণ টেনে মমতা বলেন, “যে ভাবে আইনজীবীরা ন্যায়ের দাবিতে কালো কোট পরে আদালতে যান, তেমনই আপনারা কালো শাড়ি পরে প্রতিবাদ করুন। আমি সাদা শাড়ি পরব, আপনারা কালো পরুন।”
রবিবার ধর্মতলায় ধর্না চলবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রী বলেন, “মিছিল শেষে মা-বোনেরা যখন এখানে আসবেন, তাঁরা হাঁড়ি-কড়াই নিয়ে আসবেন। পারলে গ্যাসের ওভেনও আনবেন। রান্না করবেন কী ভাবে! কাঁচা আনাজও আনবেন।”
তবে তিনি স্পষ্ট করে দেন, এই কর্মসূচি শুধুই প্রতিবাদের জন্য, অশান্তির জন্য নয়। তাঁর অভিযোগ, Bharatiya Janata Party মহিলাবিরোধী রাজনীতি করছে।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রের Narendra Modi সরকারকেও তীব্র কটাক্ষ করেন মমতা। তাঁর দাবি, গত কয়েক দিনের মধ্যেই একাধিকবার গ্যাসের দাম বেড়েছে। বড় সিলিন্ডারের দাম ২১০০ টাকার কাছাকাছি এবং ছোট সিলিন্ডারের দাম প্রায় ১০০০ টাকা ছুঁয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
