April 14, 2026
দেশ

লখনউয়ে আল-কায়েদা যোগে জড়িত তিন জঙ্গিকে যাবজ্জীবন

লখনউ: উত্তরপ্রদেশে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়ে আল-কায়েদা ঘনিষ্ঠ সংগঠনের সঙ্গে যুক্ত তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল লখনউয়ের বিশেষ এনআইএ আদালত। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

বিশেষ বিচারক জিতেন্দ্র কুমার পাণ্ডে এই মামলায় মিনহাজ আহমেদ ওরফে মিনহাজ, মুসিরুদ্দিন ওরফে রাজু এবং তৌহিদ আহমেদ শাহ ওরফে সোবু শাহকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। তদন্তে উঠে এসেছে, এরা আল-কায়েদা ঘনিষ্ঠ সংগঠন ‘আনসার গজওয়াত-উল-হিন্দ’-এর সঙ্গে যুক্ত ছিল।

তদন্তকারী সংস্থার দাবি, লখনউকে কেন্দ্র করে একটি জঙ্গি মডিউল গড়ে তোলা হয়েছিল। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থানকারী এক নির্দেশদাতার নির্দেশে এই নেটওয়ার্ক সক্রিয় হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল উত্তরপ্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো এবং ফিদায়িন হামলা চালানো।

তদন্তে জানা গিয়েছে, সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং ভিড়ভাট্টা এলাকায় হামলার পরিকল্পনা ছিল। বিশেষ করে ২০২১ সালের ১৫ আগস্টের আগেই এই হামলা চালানোর ছক কষা হয়েছিল।

অভিযান চালিয়ে বিস্ফোরক, কুকার বোমা, আগ্নেয়াস্ত্র এবং একাধিক নথি উদ্ধার করা হয়। পাশাপাশি ডিজিটাল প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র পেশ করা হয়। আদালত জানায়, অভিযুক্তরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রতি আনুগত্য স্বীকার করেছিল এবং অনলাইনে জঙ্গি প্রচার চালানোর পাশাপাশি নতুন সদস্য নিয়োগ ও তাদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করার কাজ করছিল।

ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় দণ্ডবিধি, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, বিস্ফোরক আইন ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাদের। আদালতের নির্দেশ, সব সাজা একসঙ্গে চলবে এবং বিচারাধীন অবস্থায় জেলে কাটানো সময় শাস্তির মেয়াদের সঙ্গে সমন্বয় করা হবে।

Related posts

Leave a Comment