July 11, 2026
কলকাতা

কামদুনি থেকে বারুইপুর, নারীনির্যাতনে কড়া বার্তা শুভেন্দুর! সুপ্রিম কোর্টে নির্যাতিতা পরিবারের পাশে থাকবে রাজ্য

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনে এসে নারীদের বিরুদ্ধে অপরাধের প্রশ্নে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তির আশ্বাস দেওয়ার পাশাপাশি এক দশক আগের বহুচর্চিত কামদুনি গণধর্ষণ ও খুন মামলাও তুলে আনেন তিনি। জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে চলা মামলায় এবার থেকে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার।

সূর্যপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কামদুনি মামলায় বারাসাত আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয়। তাঁর অভিযোগ, সেই সময় মামলার সঠিকভাবে পর্যবেক্ষণ হয়নি এবং একাধিকবার সরকারি কৌঁসুলি পরিবর্তন করায় বিচারপ্রক্রিয়াও প্রভাবিত হয়েছিল।

বর্তমানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে মামলা করেছে। এতদিন সেই মামলায় রাজ্য সরকারের অবস্থান ছিল ভুক্তভোগী পরিবারের বিপক্ষে। তবে সেই অবস্থান বদলানোর ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, এবার থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আর নির্যাতিতা পরিবারের বিরোধিতা করবে না। বরং সরকারি আইনজীবীর মাধ্যমে তাঁদের আইনি লড়াইয়ে পূর্ণ সহযোগিতা করা হবে।

তিনি জানান, মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি রাজ্যের আইনমন্ত্রীও। সেই দায়িত্ব থেকেই সুপ্রিম কোর্টে রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেলকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, যাতে কামদুনি মামলায় সরকার ভুক্তভোগী পরিবারের পক্ষে অবস্থান নেয়।

বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে নারীদের বিরুদ্ধে অপরাধে সরকারের অবস্থানও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনও ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনায় সরকার দায় এড়ানোর চেষ্টা করবে না। অতীতে যেমন কিছু ঘটনায় “ছোট ঘটনা”, “লাভ অ্যাফেয়ার” বা “মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন”— এমন নানা বিতর্কিত মন্তব্য সামনে এসেছিল, বর্তমান সরকার সেই ধরনের কোনও ব্যাখ্যা বা সাফাই দেবে না।

মুখ্যমন্ত্রীর কথায়, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অপরাধের তদন্ত নিরপেক্ষভাবে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, কোনও নিরীহ ব্যক্তি যাতে তদন্তের নামে হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত এগিয়ে চলেছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আবহে কামদুনি মামলায় সরকারের অবস্থান পরিবর্তনের ঘোষণা রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে তাৎপর্য তৈরি করেছে।

Related posts

Leave a Comment