সংবাদ কলকাতা: শিক্ষায় দুর্নীতি এবং নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party-CJP) ও বাম ছাত্র সংগঠনগুলির ডাকা ধর্মতলার (Dharmatala) বিক্ষোভ ঘিরে সংঘর্ষের ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করেছে পুলিশ বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, ঘটনায় মোট সাতটি মামলা দায়ের হয়েছে এবং প্রতিটি মামলায় সদ্য কার্যকর হওয়া গুন্ডাদমন আইন যুক্ত করা হয়েছে।
শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে পুলিশের উপর হামলার চেষ্টা করা হয়েছে এবং সাংবাদিকদেরও নিশানা করা হয়েছে। সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করে তিনি জানান, এই ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার প্রয়োজন হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, আন্দোলনের সময় পুলিশকে একাধিক বার প্ররোচিত করা হলেও বাহিনী সংযম বজায় রেখেছে। তিনি বলেন, পুলিশের কাছে স্পষ্ট নির্দেশ ছিল যাতে কোনও অবস্থাতেই প্ররোচনায় পা না দেওয়া হয়। তাঁর দাবি, ডোরিনা ক্রসিংয়ে পৌঁছনোর পর মিছিল থেকে জুতো ও বোতল ছোড়া শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশ লাঠিচার্জ না করে সংযত আচরণ করে।
মুখ্যমন্ত্রী আরও জানান, হেয়ার স্ট্রিট (Hare Street) থানায় ছয়টি এবং এন্টালি (Entally) থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, চিহ্নিত ৭০ জনের মধ্যে কেউই ছাত্র বা সিজেপি-র সদস্য নন এবং নিট আন্দোলনের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ সম্পর্ক নেই।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তনবীর ও নিজাম এবং ওয়াটগঞ্জের রাহুল জামালের নাম উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এঁরা কুখ্যাত দুষ্কৃতী এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আইন অনুযায়ী এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।’
তবে আন্দোলনের উদ্যোক্তাদের পক্ষ থেকে এই বিষয়ে আলাদা কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
