35.9 C
Kolkata
June 4, 2026
রাজ্য

তাজপুরে নয়, দাদনপাত্রবারে গভীরসমুদ্র বন্দর! ১৭০০ একর জমিতে নতুন পরিকল্পনার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্ন — তাজপুরে গভীরসমুদ্র বন্দর গড়ার পরিকল্পনা কার্যকর করা সম্ভব নয় বলে জানাল রাজ্য সরকার। সেই প্রকল্পের পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবার এলাকায় নতুন করে বন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে বন্দর ও উপকূলবর্তী এলাকার উন্নয়ন সংক্রান্ত বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, তাজপুরে গভীরসমুদ্র বন্দর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি রাজ্য সরকারের হাতে নেই। এই বিষয়টি নিয়ে শিল্পগোষ্ঠী আদানি এবং কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গেও আলোচনা হয়েছে। তাঁর কথায়, কয়েক হাজার একর জমি ছাড়া ওই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই কারণেই বিকল্প হিসেবে তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবার এলাকায় নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুভেন্দু জানান, দাদনপাত্রবারে রাজ্য সরকারের মালিকানাধীন প্রায় ১৭০০ একর জমি রয়েছে। সেই জমিকে কেন্দ্র করেই নতুন বন্দর প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে। কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন মিলেছে বলেও দাবি করেন তিনি।

বৈঠকে কলকাতাকে ‘ওয়াটার মেট্রো’ প্রকল্পের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশের ১৭টি শহরে এই পরিষেবা রয়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের উদ্যোগে কলকাতা হবে দেশের ১৮তম ওয়াটার মেট্রো শহর।

এ ছাড়া কেন্দ্রের ‘সাগরমালা ২’ প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পূর্ববর্তী সরকার ‘সাগরমালা ১’ প্রকল্পে অংশ নেয়নি। তবে নতুন পর্যায়ে রাজ্য সক্রিয়ভাবে যুক্ত হবে। আগামী পাঁচ বছরের জন্য প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রস্তাব তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পের আওতায় বন্দর সংযোগ ব্যবস্থা উন্নত করা, উপকূলবর্তী এলাকায় মৎস্য পরিকাঠামো গড়ে তোলা এবং সাগর, কাকদ্বীপ, নামখানা, নয়াচর, খেজুরি থেকে ওড়িশা সীমান্ত পর্যন্ত বিস্তীর্ণ উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হবে।

Related posts

Leave a Comment