অপারেশন ‘সিঁদুর’-এ সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানের বিকানের সেক্টরের সাঞ্চু সীমান্ত চৌকিতে BSF জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি প্রয়োজন পড়লে পাকিস্তানকে “যোগ্য জবাব”ও দিয়েছে BSF।
অমিত শাহ বলেন, “যেখানেই BSF দায়িত্বে ছিল, সেখানেই তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী জেলার সাধারণ মানুষের মনোবলও বজায় রেখেছে। প্রয়োজন পড়লে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার ঐতিহ্য BSF বরাবরই বজায় রেখেছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপারেশন চলাকালীন BSF অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
সাঞ্চু সীমান্ত চৌকির ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন শাহ। তিনি জানান, ভারতের সামরিক ইতিহাসে এই পোস্টের বিশেষ গুরুত্ব রয়েছে এবং অতীতের বিভিন্ন সংঘাতে এই চৌকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, দেশের সীমান্ত রক্ষায় তাঁদের নিষ্ঠা ও সাহস গোটা দেশের কাছে গর্বের বিষয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
ভারত-পাক সীমান্তে উত্তেজনার আবহের মধ্যেই শাহর এই সফর এবং BSF-এর প্রশংসা রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
