23 C
Kolkata
February 4, 2026
দেশ

অমিত শাহের আক্রমণ, খাড়গের পালটা অভিযোগ: ‘বন্দে মাতরম্’ বিতর্কে তীব্র রাজনৈতিক তাপ

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর :বন্দে মাতরম্ বিতর্ককে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তাপ বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে আলোচনার সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে “জাতীয় গানের সম্মান না-রাখা” ও “ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির” অভিযোগ তোলেন। অমিত শাহের বক্তব্য, “বন্দে মাতরম্ দেশের গর্ব। কংগ্রেস এখনও এর মর্যাদা নিয়ে দ্বিধায় ভোগে।” তিনি আরও দাবি করেন, বিজেপি কেবল দেশপ্রেমের সুরকেই সামনে আনছে, রাজনীতি নয়।অন্যদিকে রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে বিজেপির অভিযোগকে “পরিকল্পিত রাজনৈতিক নাটক” বলে কটাক্ষ করেন।

তাঁর অভিযোগ, “বিজেপি জাতীয় গানকেও রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার বানাচ্ছে। আমরা বন্দে মাতরমের সম্মান কমাইনি, বরং বিজেপি এটাকে ভোটব্যাঙ্কের বিষয় বানাচ্ছে।”সংসদে এই বিষয় নিয়ে উভয় শিবিরের তীব্র বাকবিতণ্ডার জেরে অধিবেশনে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়। বিরোধীরা অভিযোগ করেন—সরকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, বেকারত্ব ও কৃষক সংকটের মতো ইস্যু আড়াল করতে ইচ্ছাকৃতভাবে আবেগঘন সাংস্কৃতিক বিতর্ক সামনে আনছে। বিজেপি নেতারা পালটা বলেন—জাতীয় গানের মর্যাদা নিয়ে কংগ্রেসের অবস্থান বহুদিন ধরেই অস্পষ্ট।সংসদীয় সূত্রের মতে, আলোচনার শেষ পর্যায়েও কোনও পক্ষ নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। ফলে আগামী দিনেও এই বিতর্ক আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related posts

Leave a Comment