সংবাদ কলকাতা: গুজরাতের বডোদরার পর এ বার দিল্লি থেকে গ্রেপ্তার হলেন আরও এক সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি। বেশ কিছু দিন ধরেই তাঁর গতিবিধির উপর নজর রাখছিল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতের মোবাইল ফোন থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পাকিস্তানের সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণও মিলেছে।
তদন্তকারীদের দাবি, পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের নির্দেশে দিল্লি ও সংলগ্ন এলাকায় কমবয়সি যুবকদের মগজধোলাই করছিলেন ধৃত। জইশের স্লিপার সেল তৈরি করা এবং নতুন সদস্যদের জঙ্গি সংগঠনে নিয়োগের দায়িত্বও তাঁর উপর ছিল বলে অভিযোগ। ধৃতের মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখে তাঁর সঙ্গে পাকিস্তানের হ্যান্ডলারদের যোগাযোগের ধরন এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ঘটনাচক্রে, বৃহস্পতিবারই গুজরাতের বডোদরা থেকে আরও এক জইশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লিতে ধৃত ব্যক্তির সঙ্গে বডোদরায় গ্রেপ্তার হওয়া জঙ্গির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও দিল্লির ঠিক কোন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশের স্পেশ্যাল সেল।
next post
