সংবাদ কলকাতা: লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার লক্ষ্যে এবার বিরোধী দলগুলির সমর্থন চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি দেশের সমস্ত রাজনৈতিক দলকে প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিল সমর্থনের আহ্বান জানিয়েছেন।
অমিত শাহের বক্তব্য, প্রশাসন ও আইন প্রণয়নের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা আরও শক্তিশালী করতে সংবিধানের ১৩২তম সংশোধনী বিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে অনুমোদন দিয়েছে। এর ফলে মহিলাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথ খুলতে চলেছে বলেও দাবি করেছেন তিনি।
এক্স হ্যান্ডলে অমিত শাহ লেখেন, জনপ্রতিনিধিত্বে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো মোদী সরকারের অন্যতম অঙ্গীকার। তাঁর দাবি, এই বিল সংসদে পাশ হলে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, রাজ্য বিধানসভাগুলিতে অন্তত এক-তৃতীয়াংশ মহিলা জনপ্রতিনিধি থাকলে উন্নয়নমূলক নীতি আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। পাশাপাশি লোকসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়লে আইন প্রণয়নের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ হবে।
এই পরিস্থিতিতে বিলটি নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে কেন্দ্র। বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে শাসক ও বিরোধী শিবিরের অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
