সংবাদ কলকাতা: আসন পুনর্বিন্যাস বিল ঘিরে জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের তৎপরতা বাড়ল। সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের প্রস্তাবিত বিল পাসের পথ আটকাতে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা শুরু হয়েছে। সেই লক্ষ্যেই শুক্রবার রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে কালীঘাট তৃণমূল সূত্রে খবর।
আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। অধিবেশন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এই তিন দিনের অধিবেশনেই আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাস করাতে উদ্যোগী কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই পরিস্থিতিতে বিরোধীদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই মমতা ও রাহুলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তৃণমূলের দাবি।

তবে সংসদীয় অঙ্কের বিচারে বিরোধী শিবিরের সামনে চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। দলের প্রধান এম কে স্ট্যালিনের দু’টি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার পরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রথমত, আসন পুনর্বিন্যাসের পরে প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়াতে হবে, যাতে তামিলনাড়ুর বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় থাকে। দ্বিতীয়ত, আগামী ২৫ বছর লোকসভার আসনসংখ্যায় আর কোনও পরিবর্তন করা যাবে না। বিজেপি এই দাবিগুলি মেনে নেওয়ায় শনিবার চেন্নাইয়ে দলের বৈঠকে বিল সমর্থনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
অন্য দিকে, শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র সমর্থনও আদায়ের চেষ্টা চালাচ্ছে বিজেপি। রাজনৈতিক মহলে জল্পনা, বিলের সমর্থনের বিনিময়ে শরদ-কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। যও এই সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এই পরিস্থিতিতে বিরোধী জোটে এনসিপি (এসপি)-কে ধরে রাখাই মমতা-রাহুল আলোচনার অন্যতম বিষয় ছিল বলে তৃণমূল সূত্রের দাবি। পাশাপাশি ডিএমকে-র অবস্থান পুনর্বিবেচনা করাতে মমতার ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। স্ট্যালিনের সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ভাল হওয়ায় তাঁকে বোঝানোর সম্ভাবনা নিয়েও কথা হয় বলে জানা গিয়েছে। যদিও ডিএমকে ইতিমধ্যেই বিল সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় সেই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
বিজেপি-বিরোধী অন্যান্য দলগুলির সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস-সহ বিভিন্ন দলের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে। এই প্রক্রিয়া কতটা এগিয়েছে, তা-ও রাহুল মমতাকে জানিয়েছেন বলে খবর।
তৃণমূল সূত্রে আরও দাবি, গত এক সপ্তাহ ধরে কলকাতা থেকেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র শরিক দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মমতা। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার সঙ্গে তাঁর আলোচনা চলছে।
তৃণমূলের এক সাংসদের বক্তব্য, কেন্দ্র যে সহজেই সংসদে আসন পুনর্বিন্যাস বিল পাস করিয়ে নেবে বলে মনে করছে, বাস্তবে বিষয়টি ততটা সহজ হবে না। বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় গড়ে তুলতে মমতা যে ভাবে উদ্যোগী হয়েছেন, তাতে বিলের বিরুদ্ধে লড়াইয়ে আশাবাদী তৃণমূল।
সব মিলিয়ে বিশেষ অধিবেশনের আগে কেন্দ্র ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক দর-কষাকষি তীব্র হয়েছে। সংসদে বিলের ভবিষ্যৎ নির্ধারণে শেষ পর্যন্ত কোন দল কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
