November 27, 2026
রাজ্য

জিরামজি কর্মীদের বেতন বাড়ল ৮ হাজার টাকা

সংবাদ কলকাতা: জিরামজি প্রকল্পে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। কর্মীদের মাসিক পারিশ্রমিক সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে বার্ষিক বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং একাধিক ছুটির সুবিধা। নতুন নির্দেশিকা অনুযায়ী, কর্মীদের বর্তমান বেতন ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এই বর্ধিত পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁদের বর্তমান মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের মধ্যে ১০ বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের মাসে ৬ হাজার টাকা অতিরিক্ত দেওয়া হবে। অন্যদিকে, ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে মাসিক পারিশ্রমিক বাড়বে ৭ হাজার টাকা।

আবার যাঁদের বর্তমান মাসিক বেতন ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে, তাঁদের ক্ষেত্রে ১০ বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা মাসে ৭ হাজার টাকা অতিরিক্ত পাবেন। ১০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের পারিশ্রমিক বাড়ছে মাসে ৮ হাজার টাকা।


শুধু এককালীন বেতন বৃদ্ধিই নয়, কর্মীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ওই তারিখে কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ করে বাড়ানো হবে। ফলে আগামী দিনে নিয়মিত বেতন বৃদ্ধির সুযোগ পাবেন এই প্রকল্পের আওতাভুক্ত কর্মীরা।

চাকরির নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিরামজি প্রকল্পে অন্তত ১০ বছর ধরে কাজ করছেন, এমন যোগ্য কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির সুরক্ষা দেওয়া হবে। অর্থাৎ, দীর্ঘদিন ধরে এই প্রকল্পে কাজ করা কর্মীদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য।

ছুটির ক্ষেত্রেও একাধিক সুবিধার কথা জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং ১০ দিন চিকিৎসাজনিত ছুটি পাবেন। মহিলা কর্মীদের জন্য থাকছে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি। এ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ৪২ দিনের ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।

তবে এই সুবিধা প্রকল্পের আওতাভুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর জন্য প্রযোজ্য হলেও চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এর বাইরে থাকবেন। সরকারি সুযোগ-সুবিধা যাতে সমস্ত যোগ্য কর্মীর কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নবান্ন।

Related posts

Leave a Comment