November 23, 2026
রাজ্য

নবান্নের সামনে বাসের ধাক্কা, আহত ২

সংবাদ কলকাতা: নবান্নের কাছে পথদুর্ঘটনায় আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন। সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পরপর দু’টি বাইক ও একটি গাড়িতে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারের সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে থেমে যায় বাসটি। দুর্ঘটনাকে কেন্দ্র করে নবান্নের সামনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ব্যস্ত সময়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে একটি বাঁক ঘোরার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। এরপর সামনে থাকা দু’টি বাইক এবং একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার এবং এক বাইক আরোহী জখম হন।


খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয় ট্রাফিক পুলিশ। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Related posts

Leave a Comment