November 22, 2026
রাজ্য

বৃষ্টি কমতেই নামবে পারদ, শীতের ইঙ্গিত

সংবাদ কলকাতা: বঙ্গোপসাগরে পর পর ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হয়েছে। তবে রবিবার সকাল থেকেই বদলেছে আবহাওয়া। মেঘ সরিয়ে দেখা মিলেছে রোদের। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় অ্যাকভানের অবশিষ্টাংশ বর্তমানে নিষ্ক্রিয়। ফলে রাজ্যে তার আর কোনও প্রভাব নেই। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর থেকেই ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা।


আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারই ঘূর্ণিঝড় অ্যাকভানের অবশিষ্টাংশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল। উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল সেটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও ছিল। তবে ক্রমশ দুর্বল হয়ে বর্তমানে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এই আবহাওয়াজনিত পরিস্থিতি।

তার জেরেই রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। যদিও দক্ষিণবঙ্গের সব জেলায় এখনই পুরোপুরি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা। রবিবার ও সোমবার দু’একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিক ভাবে আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গেও নতুন করে কোনও আবহাওয়া সতর্কতা জারি হয়নি। তবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এর পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই অংশেই তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথও ক্রমশ পরিষ্কার হচ্ছে। ফলে বাতাসে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম। বৃষ্টি বিদায় নিতেই এবার শীতের অপেক্ষায় দক্ষিণবঙ্গের মানুষ।

Related posts

Leave a Comment