নিজস্ব সংবাদদাতা, নদিয়া: রাস উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব নবদ্বীপে। চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত এই পুণ্যভূমিতে রবিবার রাস উৎসবে যোগ দিতে গিয়ে একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নদী পারাপারের সমস্যা মেটাতে স্থায়ী সেতু নির্মাণের পাশাপাশি অসমাপ্ত ঘাটের কাজ শেষ করে ফেরি পরিষেবা চালুর আশ্বাস দিলেন তিনি। একই সঙ্গে গবেষণাকেন্দ্র, গোশালা, গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরির পরিকল্পনার কথাও জানালেন মুখ্যমন্ত্রী।
নবদ্বীপে দীর্ঘদিন ধরেই নদী পারাপারের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। সেই সমস্যা সমাধানে স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান শুভেন্দু। তবে সেতু তৈরি না হওয়া পর্যন্ত লঞ্চ পরিষেবার উপরই নির্ভর করতে হবে সাধারণ মানুষকে। সেই কারণে একটি সুসজ্জিত ঘাট তৈরি করে সেখানে ফেরি পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ওই ঘাট তৈরির কাজ অনেক আগেই শুরু হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। রবিবার নবদ্বীপে গিয়ে অসমাপ্ত কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। শুভেন্দুর কথায়, ‘একটা তৈরি হয়েছিল। তবে সেটা চলে না। আমি ওই ঘাটের কাজ সম্পূর্ণ ভাবে সুন্দর করে তৈরি করার জন্য ব্যবস্থা করব, সেটা বলে গেলাম।’

তিনি আরও জানান, স্থায়ী সেতু তৈরি হয়ে গেলেও ফেরি পরিষেবা বন্ধ করা হবে না। সেতুর পাশাপাশি নদীপথেও যাতায়াতের ব্যবস্থা বজায় থাকবে। ঘাটের কাজ শেষ করে আগামী দু’মাসের মধ্যে ফেরি পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, কাজ শেষ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের নবদ্বীপে গিয়ে পরিষেবার উদ্বোধন করবেন তিনি।
এ দিন নবদ্বীপের একটি গবেষণাকেন্দ্র নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু। অর্থের অভাবে দীর্ঘদিন ধরে কেন্দ্রটির নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে বলে জানান তিনি। ভক্তদের সহযোগিতায় কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা শেষ করা সম্ভব হয়নি। সেই কাজ সম্পূর্ণ করতে দু’কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি নবদ্বীপের গোশালার পরিসর বাড়ানোর জন্য আরও এক কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, নবদ্বীপে গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরির পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনেন শুভেন্দু। তাঁর বক্তব্য, এই সমস্ত প্রকল্প বাস্তবায়নে অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে আগের তৃণমূল সরকারকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান এবং নবদ্বীপের ঐতিহ্য রক্ষায় আগের সরকার যথেষ্ট গুরুত্ব দেয়নি। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘বিগত সরকার মহাপ্রভুর জন্মস্থানের দিকে নজর দেয়নি। তারা নবদ্বীপকে শুধু একটি দেশি ও বিদেশি মদের দোকান দিয়েছে।’
ধর্মীয় ঐতিহ্য, পর্যটন এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নকে সামনে রেখে নবদ্বীপের জন্য একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে ঘোষিত প্রকল্পগুলির কাজ কবে নাগাদ বাস্তবে শুরু হয়ে কত দ্রুত শেষ হয়, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।
