November 21, 2026
দেশ বিদেশ

সিয়াং বাঁধ প্রকল্পের পক্ষে সওয়াল অমিত শাহের

ইটানগর: অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প ঘিরে স্থানীয় মানুষের বিক্ষোভ ও সংঘর্ষের কয়েক দিন পর মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সিয়াং প্রকল্প কোনও সাধারণ প্রকল্প নয়, এটি জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অরুণাচলের উন্নয়ন, দেশের জ্বালানি নিরাপত্তা, রাজ্যের আয় এবং কৌশলগত স্বার্থের সঙ্গে এই প্রকল্পের সরাসরি যোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

বান্দেরদেওয়ায় রাষ্ট্রপতির পুলিশ সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিয়াং এলাকার বাসিন্দাদের উদ্দেশে বার্তা দেন শাহ। তিনি বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে স্থানীয় মানুষের উদ্বেগ ও আশঙ্কার কথা তিনি জানতে পেরেছেন। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও আগের দিন তাঁকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁদের সমস্ত উদ্বেগের কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। সমস্যা সমাধানে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার পথ খোলা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ২০২৬-এ অরুণাচল প্রদেশের ইস্ট সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পের বিরোধিতায় ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছিল স্থানীয় সংগঠন ও জনজাতি গোষ্ঠীগুলি। সেই বন্‌ধকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হিংসা ছড়িয়ে পড়ে। প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ, জনজীবন এবং স্থানীয় মানুষের অস্তিত্বের উপর প্রভাব পড়তে পারে।



এই পরিস্থিতিতে অমিত শাহের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, প্রকল্প ঘিরে বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে প্রকল্পের জাতীয় গুরুত্ব তুলে ধরেছেন তিনি, অন্যদিকে স্থানীয় মানুষের আশঙ্কা দূর করতে আলোচনার আশ্বাসও দিয়েছেন।

শুক্রবার অরুণাচল প্রদেশে পৌঁছন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ রাজ্যের একাধিক শীর্ষ নেতা। সফরের শুরুতেই তিনি জানান, অরুণাচল প্রদেশ পুলিশের দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ সম্মান প্রদান একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা।

পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠান শেষে বান্দেরদেওয়ার প্যারেড গ্রাউন্ডে বড়া খানায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি রাজ্যের একাধিক উন্নয়নমূলক কর্মসূচিও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে।

ইটানগরের লোকভবনে রাজ্যের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন শাহ। এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অরুণাচল প্রদেশ সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলাদা বৈঠক হওয়ার কথা।

আগামী ২২ নভেম্বর ইটানগরের দর্জি খান্ডু স্টেট কনভেনশন সেন্টারে অরুণাচল প্রদেশ কো-অপারেশন ভিশন ডকুমেন্ট ২০৪৭ প্রকাশ করবেন তিনি। একই অনুষ্ঠানে কো-অপারেশন অ্যাওয়ার্ড প্রদান এবং সরস মেলার উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা।

Related posts

Leave a Comment