November 21, 2026
দেশ বিদেশ

কাশ্মীরে আর কোনও স্থানীয় জঙ্গি নেই, দাবি অমিত শাহের

সংবাদ কলকাতা: কাশ্মীর উপত্যকায় আর কোনও সক্রিয় স্থানীয় জঙ্গি নেই। সেখানে বর্তমানে যারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, তারা প্রত্যেকেই বিদেশি। শনিবার অরুণাচল প্রদেশের বান্দেরদেওয়ায় রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর বক্তব্য, পুলওয়ামায় সংঘর্ষে লস্কর-ই-তইবার এক জঙ্গির মৃত্যুর পর উপত্যকায় সক্রিয় শেষ স্থানীয় জঙ্গিরও অবসান ঘটেছে। এই ঘটনাকে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, কাশ্মীর পুলিশের অভিযানে লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত শেষ সক্রিয় স্থানীয় জঙ্গির মৃত্যু হয়েছে। এর ফলে উপত্যকায় আর কোনও স্থানীয় যুবক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নেই বলে দাবি করেন তিনি। বর্তমানে কাশ্মীরে যে জঙ্গিরা সক্রিয় রয়েছে, তারা সকলেই বিদেশি নাগরিক বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নব্বইয়ের দশকে কাশ্মীরের অস্থির পরিস্থিতির কথাও স্মরণ করেন শাহ। তাঁর বক্তব্য, সেই সময় উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চরম পর্যায়ে পৌঁছেছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, কাশ্মীর ভারতের সঙ্গে কতদিন যুক্ত থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ইংল্যান্ডে চলে গেলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের দায়িত্ব থেকে সরে আসেননি। তাঁদের সাহস ও আত্মত্যাগের ফলেই কাশ্মীর ভারতের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে পেরেছিল বলে দাবি করেন তিনি।

২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রসঙ্গ টেনেও বিরোধীদের নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সেই সময় বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সঙ্গে জঙ্গি কার্যকলাপের সম্পর্ক কোথায়? কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন প্রমাণ করছে, ওই সিদ্ধান্তের ফলে কাশ্মীরের তরুণ প্রজন্মের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতার অবসান ঘটেছে।

শাহের কথায়, এক সময় কাশ্মীরের যুবকদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী ভাবনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। উপত্যকার কোনও স্থানীয় যুবক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নেই বলে দাবি করে তিনি বলেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ দিন অরুণাচল প্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির পুলিশ পদক। দেশের কোনও পুলিশ বাহিনীর জন্য এটি সর্বোচ্চ সম্মান বলে উল্লেখ করেন অমিত শাহ। অরুণাচল পুলিশের দীর্ঘদিনের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং দেশের নিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের পূর্ব প্রান্তে অবস্থিত এই রাজ্যের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন শুধু রাজ্যটির জন্য নয়, গোটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির পুলিশ পদক পাওয়ায় অরুণাচল পুলিশের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষ এবং মুখ্যমন্ত্রীকেও অভিনন্দন জানান তিনি।

Related posts

Leave a Comment