সংবাদ কলকাতা: ‘সেবাদূত’ কর্মসূচির পরিকল্পনা নিয়ে বৈঠক ডেকেছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু শুক্রবারের সেই বৈঠক শেষ পর্যন্ত দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দেওয়ার মঞ্চ হয়ে উঠল। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল স্পষ্ট জানিয়ে দিলেন, সংগঠনকে উপেক্ষা করে দলের কোনও জনপ্রতিনিধি নিজের মতো করে চলতে পারবেন না। এমন আচরণ করলে প্রয়োজনে মন্ত্রীকেও পদ থেকে সরিয়ে দিতে পিছপা হবে না দল। বিজেপি সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের দলীয় নেতৃত্বের তরফে এতটা কঠোর বার্তা শোনা যায়নি।
গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবাসেতু’ কর্মসূচি শুরু করেছিল বিজেপি। এ বার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মমাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা ও অভাব-অভিযোগের কথা জানা এবং সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের পাশে দাঁড়ানো।
নতুন কর্মসূচিতে বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। সরকারি প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানের উদ্যোগও নিতে হবে। শুধু তা-ই নয়, যে এলাকায় কোনও নেতা দায়িত্ব পালন করবেন, তাঁকে সেখানেই রাত্রিবাস করতে হবে। বিলাসবহুল হোটেলে থাকা যাবে না। দলের কোনও কর্মী বা নেতার বাড়িতে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতেই শুক্রবার রাজ্য পদাধিকারী, জোন ইনচার্জ, জেলা ইনচার্জ এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং দলের পাঁচ সাধারণ সম্পাদক। কিন্তু বৈঠকের আলোচনায় ক্রমশ উঠে আসে জনপ্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক নেতৃত্বের দূরত্বের বিষয়টি।

বিজেপি সূত্রের দাবি, বৈঠকের শুরুতেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের একাংশের বিধায়ক ও জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য ছিল, বিধায়ক, সাংসদ কিংবা মন্ত্রী হওয়ার পর কেউ যেন নিজেকে সংগঠনের ঊর্ধ্বে মনে না করেন। দলের সাংগঠনিক কাঠামো মেনেই প্রত্যেককে কাজ করতে হবে।
নবনির্বাচিত কয়েক জন বিধায়কের জীবনযাপন এবং তাঁদের মধ্যে তৈরি হওয়া প্রাচুর্যের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন শমীক বলে দলীয় সূত্রের খবর। অভিযোগ, কয়েক জন বিধায়ক নিজেদের এলাকায় জেলা সভাপতি বা স্থানীয় সাংগঠনিক নেতৃত্বকে যথাযথ গুরুত্ব দিচ্ছেন না। এমনকি এক বিধায়ক পুলিশকে জেলা সভাপতিকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন বলেও বৈঠকে প্রসঙ্গ ওঠে। এই ধরনের আচরণ কী করে একজন জনপ্রতিনিধি করতে পারেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন রাজ্য সভাপতি।
মন্ত্রীদের সংবাদমাধ্যমে মন্তব্য করার প্রবণতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দলের অনুমতি বা নির্দিষ্ট অবস্থান ছাড়া বিভিন্ন বিষয়ে মন্ত্রীরা যেখানে-সেখানে মন্তব্য করুন, তা নেতৃত্ব চাইছে না বলে স্পষ্ট করেন শমীক। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সরকারের বক্তব্য জানানোর দায়িত্ব নির্দিষ্ট কোনও এক জন মন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও তিনি দেবেন বলে জানান।
শমীকের বক্তব্যের পর বৈঠকে ‘সেবাদূত’ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। তবে শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখতে উঠে ফের সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্পর্কের প্রসঙ্গ সামনে আনেন সুনীল বনসল। বিজেপি সূত্রের দাবি, তাঁর বক্তব্য ছিল আরও কঠোর। সংগঠনকে এড়িয়ে দলের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া বা নিজের মতো করে কাজ করার প্রবণতা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি। কেউ এমন আচরণ করবেন না, যাতে দলকে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হয়, সেই সতর্কবার্তাও দেন বনসল। প্রয়োজনে কোনও মন্ত্রীকে সরিয়ে দিতেও দল দ্বিধা করবে না বলে তিনি বুঝিয়ে দেন।
বিধায়কদের সাংগঠনিক বৈঠকে অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বনসল। তাঁর অভিযোগ, অনেক বিধায়ক নিজেরা বৈঠকে উপস্থিত না থেকে প্রতিনিধিদের পাঠিয়ে দিচ্ছেন। কেন জনপ্রতিনিধিরা সংগঠনের বৈঠকে সময় দিতে পারছেন না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে কোনও বিধায়ক নিজে উপস্থিত থাকতে না পারলে তাঁর প্রতিনিধি পাঠানোরও প্রয়োজন নেই বলে জানিয়ে দেন বনসল। শুধু রাজ্য স্তরের বৈঠক নয়, জেলা স্তরের সাংগঠনিক বৈঠকেও এই নিয়ম কার্যকর হবে বলে স্পষ্ট করেন তিনি।
জেলা ইনচার্জদের ভূমিকাও আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন বনসল। তাঁর বক্তব্য, জেলা ইনচার্জদের দায়িত্ব কেবল নামমাত্র পদ সামলানো নয়। সংগঠনের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী কঠোর পদক্ষেপও করতে হবে। উপযুক্ত কারণ থাকলে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে বলে তাঁদের বার্তা দেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই এই বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে জেলা এবং রাজ্য সংগঠনের সমন্বয়ের অভাব যে বিজেপির অন্দরে উদ্বেগ তৈরি করেছে, শুক্রবারের বৈঠকে তা স্পষ্ট হয়েছে। আগামী দিনে জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীদের একসঙ্গে নিয়ে নিয়মিত বৈঠকের উদ্যোগও নেওয়া হতে পারে।
পাশাপাশি দলের অভ্যন্তরীণ বিবাদ মেটানোর ক্ষেত্রেও নতুন নির্দেশ দিয়েছে নেতৃত্ব। জেলা বা স্থানীয় স্তরে কোনও সমস্যা তৈরি হলে প্রথমে জেলা, বিভাগ কিংবা জোন স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করে তার সমাধান করতে হবে। কোনও বিবাদ হলেই সরাসরি রাজ্য সভাপতি বা রাজ্য নেতৃত্বের কাছে ছুটে যাওয়া যাবে না। অর্থাৎ, নিচুতলা থেকে রাজ্য স্তর পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এবার আরও কঠোর অবস্থান নিতে চাইছে বঙ্গ বিজেপি।
