সংবাদ কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশে ফিরেছেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই রক্ষাকবচের মধ্যেই এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশের এফআইআর খারিজের আবেদন জানাতে চলেছেন টুলু। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি রয়েছে কি না, তা জানতে চেয়েও আদালতের দ্বারস্থ হয়েছেন এই পাথর ব্যবসায়ী।
বৃহস্পতিবার আইনজীবীদের মাধ্যমে হাই কোর্টের দুই পৃথক বিচারপতির এজলাসে মামলা দায়েরের অনুমতি চান টুলু। প্রথম মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এই মামলার অনুমতি চান। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে আরও একটি আবেদন জানিয়েছেন টুলু। তাঁর আশঙ্কা, তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি হয়ে থাকতে পারে। সেই নোটিসের অস্তিত্ব রয়েছে কি না, তা তদন্তকারী সংস্থাকে আদালতকে জানানোর নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। টুলুর হয়ে আইনজীবী কিশোর দত্ত আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিদেশ থেকে দেশে ফিরেছেন তাঁর মক্কেল। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর রক্ষাকবচ রয়েছে। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও এই মামলাতেও অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য, টুলু মণ্ডলের বিরুদ্ধে রাজস্ব তছরুপ এবং ভুয়ো রসিদ তৈরির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, ডুপ্লিকেট কার্বন রসিদ বা ডিসিআর তৈরির একটি চক্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক টুলুর বিরুদ্ধে পাথর ব্যবসার সূত্রে একাধিক সরকারি প্রকল্পের বরাত পাওয়ার অভিযোগও রয়েছে। এই মামলায় ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে টুলুর।
পুলিশের দাবি ছিল, অভিযোগ সামনে আসার পর থেকেই পলাতক ছিলেন তিনি। তদন্তকারীদের সন্দেহ ছিল, দুবাইয়ে রয়েছেন টুলু। এর পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরতে হবে। একই সঙ্গে ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ না করার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনেই দেশে ফেরেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী।
এ দিকে, দেশে ফেরার পরেই নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে তাঁর সামনে। বৃহস্পতিবার সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়ির বাইরে নোটিস সাঁটিয়ে গিয়েছে পুলিশ। শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর এলাকায় গত বছর প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তদন্তের সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছে। শুক্রবার দুপুর ২টোয় ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে তাঁকে।
সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার আগে হাই কোর্টে দায়ের করা এই দুই মামলার শুনানিতে কী নির্দেশ আসে, এখন সেদিকেই নজর রয়েছে। বিশেষ করে এফআইআরের বৈধতা এবং লুক আউট নোটিসের বিষয়টি নিয়ে আদালতের অবস্থান কী হয়, তা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
previous post
