November 16, 2026
রাজ্য

জাহাঙ্গিরের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট

সংবাদ কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাঙার বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না প্রশাসন। বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন। ফলে আপাতত স্বস্তি পেলেন জাহাঙ্গির।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ নভেম্বরের মধ্যে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় নথি এবং ভিডিওগ্রাফি জমা দিতে হবে রাজ্যকে। একই সঙ্গে এ বিষয়ে হলফনামাও পেশ করতে হবে। অন্যদিকে, আগামী ২৭ নভেম্বর জবাবি হলফনামা জমা দেবেন মামলাকারী। দুই পক্ষের বক্তব্য ও জমা পড়া নথি খতিয়ে দেখার পরেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আদালত।

উল্লেখ্য, ফলতায় জাহাঙ্গির খানের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল সরকারের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিলেন জাহাঙ্গির। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় দাপট চালাতেন তিনি। নিজেকে ‘পুষ্পা’ বলেও পরিচয় দিতেন এই তৃণমূল নেতা।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জাহাঙ্গিরের বিরুদ্ধে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ ওঠে। বিজেপি নেতা বিধান পাড়ুই ফলতা থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, প্রায় পাঁচ কাঠা সরকারি খাস জমি দখল করে সেখানে বেআইনিভাবে তিনতলা বাড়ি তৈরি করেছিলেন জাহাঙ্গির। যদিও অভিযোগকারী দাবি করেছেন, এই অভিযোগের পিছনে কোনও রাজনৈতিক প্রতিহিংসা নেই। তাঁর বক্তব্য, তৃণমূল সরকারের আমলেই বাড়ি নির্মাণ নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছিল।

এরপর জেলা প্রশাসনের তরফে বাড়ি খালি করার জন্য জাহাঙ্গিরকে পরপর সাতটি নোটিস পাঠানো হয়। সূত্রের খবর, প্রশাসনিক শুনানিতে জাহাঙ্গিরের হয়ে আইনজীবীরা উপস্থিত হলেও তাঁদের বক্তব্যে সন্তুষ্ট হয়নি প্রশাসন। এর পরেই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

গত বুধবার দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রথম দফায় বাড়ি ভাঙার কাজ চলে। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ফের হাতুড়ি, ড্রিল মেশিন ও ভাইব্রেটর নিয়ে শুরু হয় ভাঙার কাজ। এর আগে বাড়ির ভিতরে থাকা দামি আসবাবপত্র বাজেয়াপ্ত করে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি বাড়ির বাইরে নতুন করে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা।

কিন্তু কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে আপাতত থমকে গেল বাড়ি ভাঙার প্রক্রিয়া। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনকে অপেক্ষা করতে হবে। রাজ্যের জমা দেওয়া নথি এবং মামলাকারীর জবাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। ফলে জাহাঙ্গিরের বাড়ি শেষ পর্যন্ত ভাঙা হবে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Related posts

Leave a Comment