November 16, 2026
রাজ্য

মেদিনীপুরে ৬০০ জনের হাতে নিয়োগপত্র

মেদিনীপুর— চাকরি মেলার মঞ্চ থেকে ৬০০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে রাজ্যের কর্মসংস্থান, ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা এবং বিগত তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব হন তিনি। তাঁর দাবি, আগের সরকারের আমলে তৈরি হওয়া আইনি জটিলতা কাটিয়ে নতুন করে নিয়োগের পথ খুলেছে বর্তমান প্রশাসন। পাশাপাশি আগামী দু’বছর সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগের সরকার ক্ষমতায় ফিরলে রাজ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হত না। তাঁর অভিযোগ, ওবিসি সংরক্ষণ নিয়ে তৎকালীন সরকারের সিদ্ধান্তের জেরেই দীর্ঘদিন আইনি জটিলতা তৈরি হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট সম্প্রদায়ের একাংশকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয়। সেই রায়ের ফলে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াও বাধার মুখে পড়ে বলে দাবি করেন তিনি।

শুভেন্দু জানান, বর্তমান সরকার বিধানসভায় নতুন আইন এনে বিষয়টি সংশোধনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগের সরকার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে করেছিল, গত ৮ জুলাই শীর্ষ আদালত খোলার পর রাজ্য সরকার সেই মামলা প্রত্যাহার করে নেয় বলে জানান তিনি। তাঁর দাবি, বর্তমানে হাই কোর্টের ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্দেশই বহাল রয়েছে। এই আইনি পরিস্থিতির মধ্যেই রাজ্যে সরকারি নিয়োগ ফের শুরু করা সম্ভব হয়েছে।

নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধেও কড়া অবস্থান জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক সুপারিশ বা নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। বিগত সরকারের আমলে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী নিয়োগ কার্যত বন্ধ ছিল। তাঁর দাবি, ২০১৫ সালে শেষবার স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং ২০১৭ সালে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ফলে প্রায় এক দশক ধরে নিয়মিত নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বহু চাকরিপ্রার্থী।

চাকরি মেলার পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আগের কর্মসংস্থান পোর্টালে ৮৮ হাজার আবেদনকারী নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে ১,০৩১ জনকে নির্বাচিত করা হয়েছিল। সেই তালিকা থেকেই এদিন ৬০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। পুরনো কর্মসংস্থান পোর্টাল বন্ধ করে নতুন পোর্টাল চালুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


শুধু সরকারি চাকরির উপর নির্ভর না করে বেসরকারি শিল্প এবং স্বনির্ভরতার মাধ্যমেও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, রাজ্যে নতুন শিল্প গড়ে উঠলে বেসরকারি ক্ষেত্রে বহু মানুষের কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যুবক-যুবতীদের ব্যবসায় উৎসাহ দিতে নতুন করে উদ্যম পোর্টাল চালু করা হয়েছে এবং বিশ্বকর্মা যোজনা ফিরিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির মাধ্যমেও ঋণ নিয়ে তরুণ-তরুণীরা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন বলে জানান তিনি।

বেকারত্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে স্থায়ী চাকরির পরিবর্তে সিভিক ভলান্টিয়ার, চুক্তিভিত্তিক এবং আংশিক সময়ের কর্মসংস্থানের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। তাঁর দাবি, বহু কর্মীকে মাসে মাত্র ২ হাজার থেকে ৪ হাজার টাকা দিয়ে কাজ করানো হত। সর্বোচ্চ বেতনও ছিল প্রায় ১২ হাজার টাকা। তাঁদের চাকরির স্থায়িত্বের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড এবং কর্মচারী রাজ্য বিমার মতো সামাজিক সুরক্ষাও ছিল না বলে অভিযোগ করেন তিনি।

নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার কথা উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, সেই দুর্নীতির জেরে ২৬ হাজার মানুষের চাকরি বাতিল হয়েছে। দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকার কারণে যে সব চাকরিপ্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

ঘোষণা অনুযায়ী, আগামী দু’বছর সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের অতিরিক্ত ছাড় পাবেন চাকরিপ্রার্থীরা। ২০২৭ সালের নিয়োগ প্রক্রিয়া থেকেই এই সুবিধা কার্যকর করার কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় যাঁরা সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন, তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment