সংবাদ কলকাতা: ব্যারাকপুরে বিজেপির অন্দরের বিবাদ কিছুতেই থামছে না। বিধায়ক কৌস্তুভ বাগচীকে ঘিরে একের পর এক বিতর্কে অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। কয়েক সপ্তাহ আগে মন্ত্রী অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন কৌস্তুভ। এরপর প্রকাশ্য রাস্তায় এক মণ্ডল সভাপতির সঙ্গে বচসায় জড়ান তিনি। ছটপুজো উপলক্ষে ঘোষপাড়া রোডে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সোমবার শমীক জানান, ব্যারাকপুরের সাম্প্রতিক ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দলের শৃঙ্খলাবিরোধী এই ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
এর আগেও দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন শমীক। দমদমের একটি সভা থেকে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি প্রয়োজনে থানায় এফআইআর করার পরামর্শ দিয়েছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর থেকেই বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজি, দখলদারি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে। সেই প্রসঙ্গে শমীকের দাবি, তৃণমূল থেকে বিজেপিতে আসা একাংশের নেতা নিজেদের স্বার্থে দলের পতাকা ব্যবহার করে এলাকায় অরাজকতা চালাচ্ছেন।
তবে এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে কিছুটা ভিন্ন সুর শোনা গিয়েছে। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলের তুলনায় বর্তমানে রাজ্যে তোলাবাজির ঘটনা অনেকটাই কমেছে। অতীতের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এখনকার অবস্থা অনেক কম গুরুতর। তবে দলের ভিতরে বা বাইরে কোথাও অনিয়মের অভিযোগ উঠলে নেতৃত্ব দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
শমীক ও সুকান্তর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, দলের রাজ্য সভাপতি নিজেই যখন অরাজকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরব হচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সংগঠনের উপর নেতৃত্বের নিয়ন্ত্রণ কতটা রয়েছে? বিভিন্ন এলাকায় বিধায়ক ও মণ্ডল সভাপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও স্থানীয় স্তরে সাধারণ কর্মীরা কতটা নির্ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন, তা নিয়েও সংশয় রয়েছে।

ব্যারাকপুরের সাম্প্রতিক ঘটনা তাই শুধু স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির সাংগঠনিক শৃঙ্খলা এবং নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
