সংবাদ কলকাতা: রেলের সঙ্গে যুক্ত হয়ে উপার্জনের নতুন সুযোগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে থাকা ছ’টি হল্ট স্টেশনে টিকিট বিক্রির দায়িত্ব দিতে হল্ট কন্ট্রাক্টর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের জন্য কমিশন ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে রেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেলের মালদা ডিভিশন। আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিহার ও ঝাড়খণ্ডের মোট ছ’টি স্টেশনে এই নিয়োগ করা হবে।

স্টেশনগুলি হল বিহারের মুঙ্গের জেলার সারোবাগ, ঘোরঘাট ও পাটাম, ভাগলপুর জেলার গোনুধাম, লক্ষীসরাই জেলার ঘোগি বারিয়ারপুর এবং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বিন্দুবাসিনী। সংশ্লিষ্ট এলাকার যোগ্য বাসিন্দারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন।
রেলের বিজ্ঞপ্তিতে নিরাপত্তা জামানতের অঙ্কও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। থার্মাল প্রিন্টারের জন্য সারোবাগ, গোনুধাম, ঘোরঘাট এবং ঘোগি বারিয়ারপুর স্টেশনে ১০ হাজার টাকা করে জমা দিতে হবে। অন্যদিকে, পাটাম ও বিন্দুবাসিনী স্টেশনের ক্ষেত্রে এই জামানতের পরিমাণ ২০ হাজার টাকা করে।
এর পাশাপাশি প্রতিটি স্টেশনের জন্য ২ হাজার টাকা নিরাপত্তা জামানত জমা দিতে হবে। প্রতিটি টিকিট রোলের জন্য দিতে হবে ২৫ হাজার টাকা। শুধু তাই নয়, সাত দিনের গড় টিকিট বিক্রির সমপরিমাণ অর্থও অগ্রিম জমা রাখতে হবে আবেদনকারীদের।
কমিশন ভিত্তিতে টিকিট বিক্রির এই দায়িত্ব পেলে স্থানীয় বাসিন্দাদের নিয়মিত উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। তবে আবেদনের আগে রেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সমস্ত শর্ত, জামানতের পরিমাণ এবং নিয়োগ সংক্রান্ত নিয়ম ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
