November 13, 2026
খেলা

আইওএ সভাপতি পদে ফের লড়াইয়ে পিটি ঊষা

নয়াদিল্লি— প্রাক্তন যোগ্য ক্রীড়াবিদদের নির্বাচনে পরাজয়ের পরও হাল ছাড়লেন না পিটি ঊষা। আবারও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পদে লড়াইয়ের ময়দানে ফিরলেন তিনি। এবার আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন অ্যাথলিট। ফলে আইওএ-র আসন্ন নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠল।

এর আগে প্রাক্তন যোগ্য ক্রীড়াবিদদের প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন ঊষা। ওই নির্বাচনে মহিলা বিভাগ থেকে জয়ী হন চার প্রাক্তন ক্রীড়াবিদ— লং জাম্পার অঞ্জু ববি জর্জ, তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন হকি অধিনায়ক রানি রামপাল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। পুরুষ বিভাগে নির্বাচিত হন প্রাক্তন শুটার গগন নারাং, বক্সার বিজেন্দ্র সিংহ, কুস্তিগির যোগেশ্বর দত্ত এবং টেবিল টেনিস খেলোয়াড় কমলেশ মেহতা।



এই নির্বাচনে পরাজয়ের পর ঊষার আইওএ সভাপতি পদে ফেরার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্বাচনী পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছেও অভিযোগ জানিয়েছিলেন প্রাক্তন অ্যাথলিট। তবে আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রতিনিধি হিসেবে তাঁকে মনোনীত করায় নতুন করে সভাপতি নির্বাচনের লড়াইয়ে নামার সুযোগ পেলেন ঊষা।

শুধু ঊষাই নন, সভাপতি পদের দৌড়ে রয়েছেন আরও কয়েক জন। প্রাক্তন অ্যাথলিট আদিল সুমারিওয়ালাও যোগ্য ক্রীড়াবিদদের প্রতিনিধি নির্বাচনে সরে দাঁড়ানোর পর অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, হকি ইন্ডিয়ার প্রতিনিধি ভোলানাথ সিংহ এবং সর্বভারতীয় টেনিস সংস্থার প্রতিনিধি চিন্তন পারেখও সভাপতি পদের জন্য লড়াই করছেন। তবে আইওএ-র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য রোহিত রাজপালের নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় জায়গা পায়নি।

উল্লেখ্য, এর আগে প্রাক্তন যোগ্য ক্রীড়াবিদদের প্রতিনিধি হিসেবেই আইওএ-র সভাপতি নির্বাচিত হয়েছিলেন পিটি ঊষা। এবার সেই পথ বন্ধ হয়ে যাওয়ার পর অন্য জাতীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পথ খুঁজতে হয় তাঁকে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া তাঁকে প্রতিনিধি করতে রাজি না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। কারণ, আইওএ-র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে লড়তে হলে স্বীকৃত জাতীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে মনোনয়ন জমা দেওয়া বাধ্যতামূলক।

শেষ পর্যন্ত আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সমর্থন পেয়ে ফের লড়াইয়ে ফিরলেন ঊষা। ফলে আইওএ সভাপতি নির্বাচন এখন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে, তা জানতে নির্বাচনের ফলাফলের অপেক্ষা করতে হবে।

Related posts

Leave a Comment