November 13, 2026
রাজ্য

আবাস যোজনায় ৪,২০১ কোটি টাকা বরাদ্দ

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গের ৭ লক্ষাধিক পরিবারের পাকা বাড়ির স্বপ্ন পূরণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় উপভোক্তাদের জন্য মোট ৪,২০১ কোটি টাকার আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাসস্থানহীন ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে নিরাপদ আবাসনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার।

এই উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বৈঠকে তিনি আবাসনহীন এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য পাকা বাড়ির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে, প্রতিটি পরিবারের মাথার উপর নিরাপদ ছাদ নিশ্চিত করাই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, প্রত্যেক মানুষের জন্য নিরাপদ ও সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মতে, একটি পাকা বাড়ি শুধুমাত্র বসবাসের জায়গা নয়, বরং একটি পরিবারের নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যতের নিশ্চয়তার সঙ্গে জড়িত।


এই আর্থিক সহায়তা বহু পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি আশাপ্রকাশ করেন। বিশেষ করে আর্থিক ভাবে দুর্বল এবং বাসস্থানের সমস্যায় থাকা পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নয়নে এই প্রকল্প সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে আবাসনের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের নিজস্ব পাকা বাড়ির স্বপ্ন বাস্তবায়ন এবং সকলের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করার বার্তাই উঠে এসেছে এই কর্মসূচিতে।

Related posts

Leave a Comment