November 9, 2026
Featured

ভূতুড়ে কোলিয়ারিতে কালীপুজোর অভিনব থিম, ভিড় কমলপুরে

চারদিকে অন্ধকার, পরিত্যক্ত কয়লাখনির সুড়ঙ্গ আর তার আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে ভূত-প্রেত! কোথাও কুয়োর ভিতরে লুকিয়ে অশরীরী, কোথাও আবার শ্রমিকের পোশাকে কয়লা তুলছে ভূতের দল। আচমকা সামনে এসে দাঁড়াচ্ছে ভয়ংকর চেহারার প্রেতাত্মা। এমন দৃশ্য বাস্তবে নয়, কালীপুজোর (Kali Puja) মণ্ডপে শিল্পের কারুকাজে ফুটিয়ে তুলেছেন দুর্গাপুরের কমলপুরের উদ্যোক্তারা। পরিত্যক্ত কোলিয়ারিকে কেন্দ্র করে তৈরি এই থিম ঘিরে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

মণ্ডপের ভিতরে ঢুকলে মনে হবে, মাটির অনেকটা গভীরে কোনও কয়লাখনিতে প্রবেশ করেছেন। খনির সুড়ঙ্গ থেকে শুরু করে কয়লা উত্তোলন এবং শ্রমিকদের কাজের পরিবেশ—সবই সাজানো হয়েছে নিখুঁতভাবে। তবে এই কোলিয়ারির প্রতিটি কোণেই রয়েছে ভৌতিক চমক। অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ বেরিয়ে আসছে প্রেতাত্মা, কখনও শোনা যাচ্ছে গা ছমছমে আওয়াজ। সামান্য অসতর্ক হলেই যেন ভূতের খপ্পরে পড়তে হবে! এই কল্পিত পরিবেশই দর্শকদের অভিজ্ঞতাকে অন্য মাত্রা দিয়েছে।

আলো-আঁধারির ব্যবহার এবং নানা ধরনের শিল্পকর্মে পরিত্যক্ত খনির রহস্যময় পরিবেশকে জীবন্ত করে তোলা হয়েছে। শুধু মণ্ডপসজ্জাতেই নয়, দেবী কালীর প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। কালচে পাথরের উপর সিঁদুরমাখা মূর্তি এবং চারপাশে কালো পাথর খোদাই করে তৈরি চালচিত্রের নকশা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেছে। প্রতিমার ভয়ংকর রূপ প্রথম দর্শনেই নজর কাড়ছে।

ভূতের সাজসজ্জা দেখে ছোটদের কেউ ভয় পাচ্ছে, কেউ আবার উৎসাহ নিয়ে খুঁজে বেড়াচ্ছে মণ্ডপের প্রতিটি কোণে লুকিয়ে থাকা অশরীরীদের। বড়রাও পিছিয়ে নেই। ছবি তোলা এবং ভৌতিক পরিবেশ উপভোগ করতে ভিড় করছেন বহু মানুষ। সব মিলিয়ে কমলপুরের এই ভূতুড়ে কোলিয়ারি কালীপুজোয় দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

Related posts

Leave a Comment