November 3, 2026
খেলা

চোটের আশঙ্কা উড়িয়ে খেলতে প্রস্তুত শুভমন

অকল্যান্ড— সোমবার অনুশীলনের পর ঘাড়ে অস্বস্তি তৈরি হয়েছিল শুভমন গিলের। মাঠেই ফিজিয়োকে তাঁর ঘাড়ে মালিশ করতে দেখা যায়। তারপর থেকেই বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় ইতি টানলেন স্বয়ং শুভমন। জানিয়ে দিলেন, ঘাড়ে এখন আর কোনও সমস্যা নেই। পাশাপাশি প্রথম ম্যাচের সম্ভাব্য ব্যাটিং অর্ডারও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে শুভমনকে ঘাড়ের সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘কোনও সমস্যা নেই। আমি প্রায় দেড় ঘণ্টা ব্যাট করেছি। তার পর ফিল্ডিংও করেছি। কোনও অসুবিধা হয়নি।’ তাঁর এই বক্তব্যের পর বুধবারের ম্যাচে শুভমনের খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কাটল। অনুশীলনের পরে ফিজিয়োর সঙ্গে তাঁর ঘাড়ের মালিশের ঘটনাকে কেন্দ্র করেই মূলত উদ্বেগ তৈরি হয়েছিল।

শুধু নিজের ফিটনেস নয়, দলের ব্যাটিং অর্ডার নিয়েও মুখ খুলেছেন শুভমন। তিনি জানিয়েছেন, প্রথম চার ব্যাটারের জায়গা নিয়ে কোনও সংশয় নেই। ওপেন করবেন তিনি এবং রোহিত শর্মা। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চার নম্বরে খেলবেন শ্রেয়স আয়ার। অর্থাৎ, প্রথম চারটি জায়গা আপাতত নির্দিষ্ট রেখেই মাঠে নামার পরিকল্পনা ভারতের।



তবে পাঁচ ও ছ’নম্বরে ব্যাট করতে নামবেন কারা, তা পরিস্থিতির উপর নির্ভর করবে। শুভমন জানিয়েছেন, প্রতিপক্ষের বোলিং আক্রমণ এবং ম্যাচের পরিস্থিতি বুঝে এই দুই জায়গায় পরিবর্তন হতে পারে। তাঁর কথায়, ‘প্রথম চার জনের জায়গা ঠিক রয়েছে। পাঁচ ও ছ’নম্বরে বদল হতে পারে। প্রথম চার জনই ডানহাতি। তাই বাঁহাতি ব্যাটারের প্রয়োজন হলে অক্ষর ভাই নামবে। আর ডানহাতি ব্যাটার দরকার হলে রাহুল ভাই নামবে।’

শুভমনের এই বক্তব্যে স্পষ্ট, পাঁচ ও ছ’নম্বরে অক্ষর পটেল এবং লোকেশ রাহুলের মধ্যে পরিস্থিতি অনুযায়ী একজনকে বেছে নেওয়া হতে পারে। ফলে দলের ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সাত ও আট নম্বরের জায়গাতেও একাধিক বিকল্প রয়েছে ভারতের হাতে। নমন ধীর এবং নীতীশ রেড্ডিকে খেলানোর পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে। দু’জনকেই দলে রাখলে ব্যাটিং গভীরতা বাড়বে। তবে অতিরিক্ত একজন বোলার খেলানোর প্রয়োজন হলে তাঁদের মধ্যে কাউকে বসাতে হতে পারে। সে ক্ষেত্রে নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনা তুলনামূলক বেশি বলে মনে করা হচ্ছে।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগে তাই ভারতের নজর এখন দু’টি বিষয়ে— শুভমনের ফিটনেস এবং প্রথম একাদশের চূড়ান্ত বিন্যাস। অধিনায়ক নিজে চোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ায় আপাতত স্বস্তিতে ভারতীয় শিবির। বুধবারের প্রথম ম্যাচে মাঠে নেমে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও নজর কাড়তে চাইবেন শুভমন।

Related posts

Leave a Comment