কানপুর— চলন্ত গাড়ির ছাদে এক যুবককে তুলে তাঁর হাত গাড়ির জানলার সঙ্গে বেঁধে দেওয়ার অভিযোগ উঠল দুই পরিচিতের বিরুদ্ধে। অভিযোগ, এই অবস্থায় প্রায় দেড় কিলোমিটার গাড়ি চালানোর পর ওই যুবককে রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষে দেওয়া হয়। উত্তরপ্রদেশের কানপুরে গত ২০ অক্টোবর দশেরার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার তদন্তে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
মৃত যুবকের নাম বিরু সিং। ৩৭ বছর বয়সি বিরু কানপুরের আররা এলাকার বাসিন্দা ছিলেন। তিন সন্তানের বাবা বিরু পেশায় একটি খাদ্যপণ্য সংস্থার সেলসম্যান ছিলেন। তাঁকে খুনের অভিযোগ উঠেছে তাঁর পূর্ব পরিচিত রাজবীর ও মেওয়ালালের বিরুদ্ধে।
মৃতের পরিবারের দাবি, দশেরার রাতে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন বিরু। সেই সময় পথে রাজবীর ও মেওয়ালালের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বচসার পর দুই অভিযুক্ত বিরুকে মারধর করে গুরুতর আহত করেন। এরপর তাঁকে গাড়ির ছাদে তুলে গাড়ির জানলার সঙ্গে হাত বেঁধে দেওয়া হয়। সেই অবস্থাতেই প্রায় দেড় কিলোমিটার গাড়ি চালানো হয় বলে অভিযোগ।

পরিবারের অভিযোগ, এরপর বিরুকে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয় এবং গাড়ির চাকায় পিষে তাঁকে খুন করা হয়। তবে ঘটনার সম্পূর্ণ বিবরণ ও খুনের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।
গুরুতর আহত অবস্থায় বিরুকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁর পরিচিত দেবেন্দ্র সিং চৌহান। তিনিই বিরুর বাড়িতে খবর দেন। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাল্লেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর বিরুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। কানপুরের নাউবাস্তা এলাকার সহকারী পুলিশ কমিশনার অভিষেক কুমার রাহুল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার ধারাবাহিকতা ও অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
