সংবাদ কলকাতা— সপ্তমীর সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় ঠাকুর দেখতে বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বহু মানুষকে। তবে পুজোর দ্বিতীয় সপ্তমীতে স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রাজ্যের তাপমাত্রাতেও আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিল ভ্যাপসা গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হন পুজো দেখতে বেরোনো মানুষজন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আবহাওয়ার বদল ঘটে। মধ্য ও উত্তর কলকাতার একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়। হাওড়া ও হুগলির কিছু অংশেও বৃষ্টির খবর পাওয়া যায়। তবে দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টি হয়নি।

এ বছর সপ্তমী দু’দিন ধরে পালিত হওয়ায় রবিবারও বৃষ্টির আশঙ্কা ছিল পুজোপ্রেমীদের মনে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় সপ্তমীতে সেই আশঙ্কা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও নেই বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি ছয় জেলায় ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার অষ্টমী থেকে উত্তরবঙ্গের আট জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টির আশঙ্কা কমলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতার অস্বস্তি কিছুটা ভোগাতে পারে পুজো দেখতে বেরোনো মানুষজনকে। সব মিলিয়ে, দ্বিতীয় সপ্তমী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য আবহাওয়ার পূর্বাভাস অনেকটাই স্বস্তিদায়ক।
