সংবাদ কলকাতা:— তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের পৌঁছল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। রবিবার বেলা গড়ানোর পর তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেয় পুলিশ। বুধবার সন্ধ্যায় একই নোটিস দিতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে। সে দিন অভিষেক বাড়িতে ছিলেন না বলে জানানো হয়েছিল। রবিবার অবশ্য পুলিশের নোটিস গ্রহণ করা হয়েছে।
জানা গিয়েছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কারণে বুধবার বাড়িতে ছিলেন না তিনি। শনিবার কলকাতায় ফেরেন অভিষেক। তার পর রবিবার ফের তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। কিছু ক্ষণ গেটের বাইরে অপেক্ষা করার পর নোটিস গ্রহণ করা হয়।
গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা হয়। পরিস্থিতি ধাক্কাধাক্কি ও হাতাহাতি পর্যন্ত গড়ায় বলে অভিযোগ। ওই ভবনের ছাদে উঠে তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক দেওয়া বিলবোর্ড খুলে নেয় পুলিশ। বিলবোর্ডটি বেআইনিভাবে বসানো হয়েছিল এবং তা এলাকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক ছিল বলে অভিযোগ ওঠে। পরে সেখানে একই নাম ও প্রতীক-সহ ব্যানার টাঙানো হয়।
ওই ঘটনার পর শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়। সেগুলির তদন্ত করছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ বার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে রবিবার দেওয়া নোটিসে হাজিরার নির্দিষ্ট সময় বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
