আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের বিরুদ্ধে স্টল বরাদ্দ না করার অভিযোগে দায়ের করা আপিল খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, বইমেলা আয়োজন (Kolkata Book Fair) নিজে কোনও ‘জনকার্য’ নয়। সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক সহযোগিতা কিংবা পরিকাঠামোগত সহায়তা পেলেই বেসরকারি সংস্থার উপর স্বয়ংক্রিয় ভাবে জনদায়িত্ব বর্তায় না। সেই কারণে গিল্ডের বিরুদ্ধে সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদে রিট মামলা গ্রহণের শর্ত এই ক্ষেত্রে পূরণ হয়নি বলে জানিয়েছে আদালত।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সন্দীপ কুমার দে-র ডিভিশন বেঞ্চ অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটসের (APDR) আপিল খারিজ করে দেয়। এর ফলে একক বিচারপতির আগের রায় বহাল থাকল। আদালতের মতে, গিল্ডের লক্ষ্যপত্রে সাক্ষরতা ও শিক্ষার প্রসারের কথা বলা থাকলেও, সেই উদ্দেশ্যকে একমাত্র ভিত্তি করে সংস্থাটির উপর আইনি অর্থে জনদায়িত্ব আরোপ করা যায় না। বইমেলায় বই প্রদর্শন ও বাণিজ্যিক ভাবে বিক্রির কার্যকলাপ সরাসরি শিক্ষাদান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কাজের সমতুল্য নয়।
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টল না পাওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেছিল এপিডিআর। সংগঠনটির দাবি, তারা দীর্ঘদিন ধরে বইমেলায় অংশ নিয়ে আসছিল। কিন্তু সংশ্লিষ্ট বছরে গিল্ড তাদের স্টল বরাদ্দ করেনি। ২০২৫ সালের ১০ জানুয়ারি একক বিচারপতি আবেদন খারিজ করলে সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়।
আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী কৌশিক গুপ্ত যুক্তি দেন, বইমেলা কেবল বই কেনাবেচার বাণিজ্যিক ক্ষেত্র নয়; সাহিত্য, জ্ঞানচর্চা ও মতপ্রকাশের প্রসারেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গিল্ডের লক্ষ্যপত্রে শিক্ষার প্রসারের কথা এবং সরকারি জমি ও প্রশাসনিক সহায়তার বিষয়টিও তুলে ধরা হয়। এ ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড-সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি মামলার নজিরও পেশ করেন আবেদনকারীরা।
তবে ডিভিশন বেঞ্চের বক্তব্য, ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ব্যাপক কর্তৃত্বের সঙ্গে গিল্ডের অবস্থার তুলনা চলে না। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সংস্থা বইমেলার আয়োজন করে। আদালত জানিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে বেসরকারি সংস্থার বিরুদ্ধেও রিট করা সম্ভব হলেও, গিল্ডের বইমেলা আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি। ইতিমধ্যে ৪৮তম বইমেলা শেষ হয়ে যাওয়ায় স্টল বরাদ্দের সিদ্ধান্তের পৃথক বিচারবিভাগীয় পর্যালোচনার প্রশ্নটিও বেঞ্চ বিবেচনা করেনি।
next post
