সংবাদ কলকাতা: ভারত এবং সুইজারল্যান্ডের (Switzerland) দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে বিনিয়োগ, কর্মসংস্থান এবং পেশাগত গতিশীলতার ওপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা বা ইএফটিএ (EFTA)-র সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে আগামী ১৫ বছরে ভারতে প্রায় ১০০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আসবে এবং সরাসরি ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে বলে সোমবার আশা ব্যক্ত করেন তিনি।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে (Hyderabad House) সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিনের (Guy Parmelin) সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তিন দিনের ভারত সফরে আসা সুইস রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে প্রতিরক্ষা, পরমাণু শক্তি, প্রযুক্তি এবং দুই দেশের নাগরিকদের যোগাযোগের ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই নতুন বাণিজ্য চুক্তির ফলে ভারতের কৃষিজাত পণ্য, ওষুধ (Pharma), পোশাক (Textile) এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রী সুইজারল্যান্ডের বাজারে আরও বেশি সুযোগ পাবে। অপরপক্ষে, সুইজারল্যান্ড থেকে ভারতের বায়োটেক, লাইফ সায়েন্সেস, ব্যাঙ্কিং, বিমা ও ফুড প্রসেসিং খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ আসতে চলেছে।
শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট (Migration and Mobility Partnership Agreement) স্বাক্ষরিত হয়েছে, যা ভারতীয় ছাত্র ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা ও চাকরির নতুন দরজা খুলে দেবে। আন্তর্জাতিক স্তরে ইউক্রেন সংকট ও পশ্চিম এশিয়ার (West Asia) পরিস্থিতি নিয়ে আলোচনা করে দুই দেশই শান্তি ও কূটনীতির ওপর আস্থা প্রকাশ করেছে।
