September 3, 2026
কলকাতা

একের পর এক অগ্নিকাণ্ডের জেরে, দমকলের ১৭ ডিএফও বদলি

নিজস্ব চিত্র

নজরে দক্ষিণ কলকাতা ও বীরভূম

সংবাদ কলকাতা: পর পর দু’টি বড় অগ্নিকাণ্ডের ঘটনার পর দমকলের বিভিন্ন বিভাগে ডিভিশনাল ফায়ার অফিসার (ডিএফও) স্তরে বড়সড় রদবদল করা হল। রাজ্যের বিভিন্ন দমকল বিভাগ মিলিয়ে মোট ১৭ জন ডিএফও-কে বদলি করা হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, এই বদলি সম্পূর্ণ রুটিন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তবে নিউ মার্কেট ও তারাপীঠের অগ্নিকাণ্ডের পর দক্ষিণ কলকাতা ও বীরভূম বিভাগের ডিএফও বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দক্ষিণ কলকাতা বিভাগের ডিএফও পদে এত দিন ছিলেন শুভঙ্কর ঘোষ। তাঁকে সরিয়ে ওই দায়িত্ব দেওয়া হচ্ছে নীহাররঞ্জন রায়কে। তিনি এর আগে উত্তর ২৪ পরগনা বিভাগের ডিএফও পদে ছিলেন। অন্য দিকে, বীরভূমের ডিএফও অরিন্দম দেবনাথকে বদলি করে বাঁকুড়া বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বীরভূমের নতুন ডিএফও হচ্ছেন শ্যামসুন্দর দে, যিনি এত দিন বাঁকুড়া বিভাগের দায়িত্বে ছিলেন।

সম্প্রতি দক্ষিণ কলকাতা বিভাগের নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ন’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বাংলাদেশের নাগরিকও ছিলেন। অন্য দিকে, বীরভূম বিভাগের তারাপীঠে মন্দির সংলগ্ন একটি হোটেলে আগুনের ঘটনায় দুই শিশুসহ ন’জনের মৃত্যু হয়েছিল। পর পর এই দুই অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

নিউ মার্কেটের ঘটনাস্থল দমকলের সংশ্লিষ্ট কার্যালয়ের কাছাকাছি হওয়ায় দক্ষিণ কলকাতা বিভাগের ডিএফও বদল নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছে। একই ভাবে তারাপীঠের ঘটনার পর বীরভূম বিভাগের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও প্রশাসনিক সূত্রের স্পষ্ট বক্তব্য, ১৭ জন ডিএফও-র বদলই রুটিন সিদ্ধান্ত এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডের সঙ্গে এই বদলির সরাসরি কোনও সম্পর্ক নেই।

এর পাশাপাশি, ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর ভবনে সাম্প্রতিক ফায়ার অডিট অভিযানের সঙ্গেও দমকলের এক আধিকারিকের দায়িত্ব পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। ফায়ার প্রিভেনশন-১ বিভাগের ডিএফও পদে থাকা সরোজকুমার বাগকে এবার উত্তর কলকাতা বিভাগের ডিএফও করা হয়েছে। দু’দিন আগে পুলিশকে সঙ্গে নিয়ে ওই ভবনে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেছিল দমকল। ভবনে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত কোনও ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।

Related posts

Leave a Comment