September 3, 2026
কলকাতা

নিউ মার্কেটের হোটেল অগ্নিকাণ্ডে দুই অভিযুক্তের হেফাজতের নির্দেশ

সংবাদ কলকাতা: নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। শুনানি শেষে বীরেশ্বর মিত্রকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে এবং হোটেল কর্তা আবু জাফরকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে সরকারি কৌঁসুলি দাবি করেন, তুলনামূলক ভাবে ছোট ও অপরিসর জায়গার মধ্যে হোটেলটি তৈরি করা হয়েছিল। ওই জায়গায় হোটেল নির্মাণের অনুমোদন ছিল কি না এবং কী ভাবে নির্মাণের কাজ হয়েছিল, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে জানানো হয়।

সরকারি পক্ষের আরও অভিযোগ, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষের তরফে গুরুতর গাফিলতি হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে আদালতে জানানো হয়।

এ দিন আবু জাফরের স্ত্রীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। হোটেলের ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রকৃত কারণ এবং সম্ভাব্য গাফিলতির বিষয়টি স্পষ্ট করতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে সরকারি পক্ষের বক্তব্য।

মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ন’জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। হোটেল নির্মাণের অনুমোদন, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলা এবং বৈধ ভাবে হোটেল পরিচালনা করা হচ্ছিল কি না—এই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে।

Related posts

Leave a Comment