নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : অতিবৃষ্টির জেরে তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝখানে রেললাইনে ধস নামায় বিপাকে পড়ল ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকালে ডাউন লাইনের ধারে মাটি সরে যাওয়ার পাশাপাশি লাইনের একটি অংশ বসে যায়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ওই লাইনে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
রেললাইন বিপজ্জনক অবস্থায় চলে যাওয়ায় নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ির দিকে যাওয়া একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। থমকে যায় লোকাল ট্রেন পরিষেবাও। আটকে পড়া ট্রেনগুলির মধ্যে রয়েছে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেস।
গত কয়েক দিন ধরেই মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দুর্যোগ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি চলবে। সোমবারের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের বৃষ্টির দাপট বাড়তে পারে।
রেল সূত্রে খবর, এই প্রতিবেদন প্রকাশের সময় ফরাক্কার বল্লারপুরে দাঁড়িয়ে ছিল দার্জিলিং মেল। তার পিছনে ছিল ইন্টারসিটি এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন শুরু করেছেন।
ধসের কারণে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতির চেষ্টা চলছে। তবে মেরামতির কাজ সম্পূর্ণ ভাবে নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরেই ওই লাইনে ফের ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
