সংবাদ কলকাতা — বর্ষার মরসুমে ডেঙ্গির আশঙ্কা বাড়ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন বৃষ্টির জেরে জল জমার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করল কলকাতা পুরসভা ও মেট্রো রেল। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছে এই যৌথ অভিযান। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ এই ড্রাইভ।
কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে এবং মেট্রোর পিসিএমও ড. রীনা মুখোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের বিভিন্ন মেট্রো স্টেশন এবং সংলগ্ন এলাকায় জল জমছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখা হবে। প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এর পাশাপাশি রেল আবাসন, কারশেড, পরিত্যক্ত জমি এবং ঝোপঝাড় এলাকাতেও নজরদারি চালানো হবে। বৃষ্টির জল জমে থাকার সম্ভাবনা রয়েছে এমন জায়গাগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিত্যক্ত জমি পরিষ্কার রাখার পাশাপাশি জল জমে থাকলে জমির মালিকদের নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা পুরসভার ৪৯৬ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস দেওয়া হবে বলে জানা গিয়েছে।
শহর পরিষ্কার রাখার ক্ষেত্রেও কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। নিষিদ্ধ প্লাস্টিক বা যত্রতত্র আবর্জনা ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রকাশ্যে থুথু বা নোংরা ফেলার ক্ষেত্রেও শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে দিয়ে জায়গাটি পরিষ্কার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ডেঙ্গি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির টব বা অন্য কোনও পাত্রে যাতে জল জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিয়মিত জলের ট্যাঙ্ক পরিষ্কার রাখার উপরও জোর দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে খবর, এই বিশেষ অভিযান শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না। সেচ, পূর্ত-সহ বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে সমন্বয় করে আগামী দিনেও রাজ্যের বিভিন্ন এলাকায় ডেঙ্গি প্রতিরোধে অভিযান চালানো হবে।
