নিজস্ব সংবাদদাতা — ফের বাড়ল জ্বালানির দাম। পেট্রোল ও ডিজেলের দামে আপাতত কোনও পরিবর্তন না হলেও সিএনজির দাম বাড়ানো হল। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধির জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের তরফে দিল্লি ও আশপাশের অঞ্চলে সিএনজির দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা বাড়ানো হয়েছে। শনিবার, ২৯ আগস্ট ভোর ৬টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে।
দিল্লিতে নতুন দাম হয়েছে কেজি প্রতি ৮৬ টাকা ৯৮ পয়সা। নয়ডা ও গাজিয়াবাদে সিএনজি কিনতে খরচ হবে ৯৫ টাকা ৫৯ পয়সা প্রতি কেজি। মিরুটে নতুন দাম ৯৫ টাকা ৪৭ পয়সা এবং গুরুগ্রামে ৯২ টাকা ১ পয়সা।

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বেড়েছে। পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার প্রভাবেই জ্বালানি সরবরাহ ও পরিবহণ খরচে চাপ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আমদানি করা এলএনজির একটি উল্লেখযোগ্য অংশ সিএনজি উৎপাদনে ব্যবহৃত হওয়ায় তার প্রভাব পড়েছে সিএনজির দামে।
দাম বৃদ্ধির ফলে সিএনজি চালিত ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অটো, ট্যাক্সি এবং বিভিন্ন বাণিজ্যিক যানবাহনের পরিচালন খরচও বাড়তে পারে। গত কয়েক মাসেও একাধিক দফায় সিএনজির দাম বেড়েছে। ফলে ফের মূল্যবৃদ্ধিতে যাত্রী পরিবহণ ও পণ্য পরিবহণের খরচে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
