27 C
Kolkata
October 17, 2026
রাজ্য

কলকাতার রাস্তা সংস্কারে বড় বাধা! ঠিকাদারদের টেন্ডার বয়কটে আটকে ওয়ার্ডের ভিতরের রাস্তার কাজ

কলকাতার প্রধান রাস্তাগুলি দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কাজ শুরু হয়েছে। কিন্তু অন্যদিকে ঠিকাদারদের একাংশের টেন্ডার বয়কটের জেরে কলকাতার বহু ওয়ার্ডের ভিতরের রাস্তা মেরামত ও পিচ করার কাজ কার্যত আটকে রয়েছে।

পুরসভা সূত্রে খবর, প্রায় তিন বছরের বেশি সময় ধরে পাওনা টাকা না পাওয়ার অভিযোগ তুলে গত দু’মাস ধরে অধিকাংশ ঠিকাদার টেন্ডারে অংশ নিচ্ছেন না। ফলে বরো অফিসের সিভিল ইঞ্জিনিয়াররা রাস্তা সংস্কারের ফাইল তৈরি করলেও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না। টেন্ডার না হওয়ায় রাস্তার কাজের জন্য অর্থ বরাদ্দ চাওয়ার প্রক্রিয়াও আটকে যাচ্ছে।


যদিও কয়েকটি বরোতে বিজেপি বিধায়কদের উদ্যোগে কিছু ঠিকাদারকে দিয়ে সীমিত সংখ্যক কাজ শুরু করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। তবে শহরের অধিকাংশ ওয়ার্ডে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রাস্তার বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভও বাড়ছে।

এর পাশাপাশি পুজোর আগে কলকাতার রাস্তা ও ডিভাইডার রং করা নিয়েও তৈরি হয়েছে নতুন জটিলতা। এতদিন শহরের রাস্তার দু’পাশ ও ডিভাইডারে নীল-সাদা রং করা হত। এবার সেই রং বদলানোর সম্ভাবনা থাকলেও নতুন রঙের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


রাস্তার বর্ডারে হলুদ-কালো রং করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হলেও ডিভাইডার ও পার্কের গ্রিলে কী রং হবে, তা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় পুরসভা। বিষয়টি নিয়ে ফাইল পাঠানো হয়েছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের দপ্তরে। ফলে পুজোর আগে কলকাতা কোন রঙে সাজবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন পুরমন্ত্রীর দপ্তরের হাতে।

Related posts

Leave a Comment