সংবাদ কলকাতা:— অন্নপূর্ণা যোজনার টাকা থেকে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না। রাজ্যের বিভিন্ন এলাকায় ভাতা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ ও অবরোধের মধ্যেই শনিবার ফের এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আন্দোলন বা চাপ তৈরি করে সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা যাবে না।|
মাসে তিন হাজার টাকা করে মহিলা ভাতা দেওয়ার এই প্রকল্প ঘিরে সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকটি জায়গায় রাস্তা অবরোধের পাশাপাশি রেললাইন অবরোধ করেও বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না। এই পরিস্থিতিতে ভবানীপুরের সুভাষ উদ্যানে আয়োজিত এক কর্মসূচি থেকে সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, অগস্ট মাসে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। তাঁর দাবি, প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা গত কয়েক মাসে দ্রুত বেড়েছে। জুন মাসে যেখানে ২৮ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় ছিলেন, জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে ১ কোটি ১৯ লক্ষ হয়। অগস্টে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষে।
ভবানীপুরের পরিস্থিতি নিয়েও পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চলতি মাসে ভবানীপুর বিধানসভা এলাকায় প্রায় ১৪ হাজার ৫০০ জনের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আরও প্রায় আড়াই হাজার মহিলার নাম অনুমোদিত হয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা প্রকৃত হকদার, এমন আরও ২০-৩০ লক্ষ মহিলার প্রয়োজন হলে তাঁদেরও ভাতার ব্যবস্থা করা হবে।’ তাঁর বক্তব্য, আর্থিক ভাবে দুর্বল এবং প্রকৃত অর্থে ভাতার উপর নির্ভরশীল মহিলাদের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখবে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনে নামানো হচ্ছে। তিনি বলেন, ‘ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে কয়েক জনকে রাস্তায় নামিয়ে কোনও লাভ হবে না।’ সরকারের সিদ্ধান্তকে এ ভাবে প্রভাবিত করা যাবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারের সময়ে মহিলা ভাতার টাকা নিয়েও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ ছিল। তাঁর বক্তব্য, বিজেপি করার কারণে যাঁরা আগের সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, তাঁদের বিষয়টি বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। একই সঙ্গে আর্থিক ভাবে দুর্বল মহিলাদেরও সুবিধা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
এ বারের নির্বাচনী প্রচারে অন্নপূর্ণা যোজনা বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী, মাসে তিন হাজার টাকা করে মহিলা ভাতা চালু করা হয়েছে। তবে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সরকার একাধিক শর্ত রেখেছে। সেই শর্তের কারণে কিছু মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর শনিবারের বক্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কলকাতায় এক লক্ষ অন্নপূর্ণা যোজনার উপভোক্তাকে নিয়ে একটি কর্মসূচি করার কথাও ঘোষণা করেন তিনি। তাঁর বক্তব্য, শুধু মহিলা ভাতা নয়, রাজ্যের সর্বস্তরে উন্নয়ন ঘটানোর লক্ষ্যেই মানুষ বিজেপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে |
