33 C
Kolkata
August 12, 2026
রাজ্য

প্রত্যন্ত এলাকায় চিকিৎসক-নার্সদের জন্য এসি আবাসন, ৩৪১ ব্লকে নতুন পরিকল্পনা রাজ্যের

প্রত্যন্ত গ্রাম ও দুর্গম এলাকায় কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের থাকার সমস্যা মেটাতে বড় উদ্যোগের পথে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের ৩৪১টি ব্লকে চিকিৎসক ও নার্সিং স্টাফদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত দু’কামরার আবাসন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স কিংবা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিনের। স্বাস্থ্য দফতরের পর্যালোচনায় উঠে এসেছে, অনেক জায়গায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার মতো উপযুক্ত আবাসনই নেই। কোথাও জরাজীর্ণ বাড়িতে থাকতে হয়, কোথাও বর্ষায় আবাসনে জল ঢোকে, আবার কোথাও ছাদ ক্ষতিগ্রস্ত হওয়া বা সাপের উপদ্রবের মতো সমস্যাও রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার সমস্যার কথা জেনেছেন। সেই সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানানো হলে তিনি উপযুক্ত আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের ৩৪১টি ব্লকে চিকিৎসক ও নার্সদের জন্য বাংলোর ধাঁচে দু’কামরার শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট তৈরি করা হবে। একই সঙ্গে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্যও থাকার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। সরকারের লক্ষ্য, প্রত্যন্ত এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা উন্নত করা।

শুধু আবাসন নয়, সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নতুন করে ১৫টি ক্যাথ ল্যাব তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন ইসিজি মেশিন বসানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

সরকারের আশা, প্রত্যন্ত এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার উপযুক্ত ব্যবস্থা করা গেলে তাঁদের কর্মস্থলে থাকা এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনীহা অনেকটাই কমবে। এর ফলে গ্রামীণ ও প্রান্তিক এলাকার স্বাস্থ্য পরিষেবাও আরও শক্তিশালী হবে।

Related posts

Leave a Comment