33 C
Kolkata
August 12, 2026
রাজ্য

কেশপুরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল নেতা গ্রেফতার, ‘টয়’-এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আসিফ ইকবাল ওরফে ‘টয়’-কে গ্রেফতার করেছে কেশপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসিফ কেশপুর যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। এলাকায় ‘টয়’ নামেই বেশি পরিচিত তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তেই বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। এ দিনই তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করানো হয়।

টনাটির সঙ্গে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের কেশপুর সফরের যোগ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনিতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলার জন্য বহু বিজেপি কর্মীকে অত্যাচার এবং মিথ্যা মামলার মুখে পড়তে হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কেশপুরে তাঁর সভায় বাধা দেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি।

সেখান থেকেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে পুরনো মামলাগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁরা বিরোধীদের উপর অত্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি।

এর পরেই ২৪ ঘণ্টার মধ্যে কেশপুরের তৃণমূল নেতা ‘টয়’-এর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও পুলিশের দাবি, আসিফের বিরুদ্ধে দায়ের হওয়া নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের সঙ্গে এই গ্রেফতারির সরাসরি যোগ রয়েছে কি না, তা পুলিশ এখনও স্পষ্ট করেনি।

Related posts

Leave a Comment