28.5 C
Kolkata
August 6, 2026
রাজ্য

শুভেন্দুর মতো অভিষেকও কি সিবিআই তদন্ত চান?

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে। সেই সব মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বর্তমানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে চলছে মামলার শুনানি।

বৃহস্পতিবারের শুনানিতে নতুন মোড় নেয় মামলা। আদালতে রাজ্যের তরফে প্রশ্ন তোলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই মামলাগুলির তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিতে চান? কারণ, তাঁর আবেদনে সে ধরনের কোনও দাবি করা হয়নি।

শুনানিতে উঠে আসে অতীতের একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গও। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদ্বল ভট্টাচার্য আদালতে জানান, পূর্বতন সরকারের আমলে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল। সেই সময় শুভেন্দু অধিকারী আদালতের কাছে আবেদন করেছিলেন, মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাই হয় সেগুলি খারিজ করা হোক, নয়তো তদন্তভার সিবিআই বা অন্য কোনও স্বাধীন তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হোক।

রাজ্যের আইনজীবীর বক্তব্য, শুভেন্দু অধিকারী তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে তেমন কোনও প্রার্থনা নেই। সেই বিষয়টিই আদালতের নজরে আনা হয়।

অন্যদিকে, আদালত আগের নির্দেশ বহাল রেখেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, তিনটি মামলায় আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এই অন্তর্বর্তী রক্ষাকবচ আপাতত বহাল থাকবে।

বিচারপতি আরও জানান, মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি নির্দিষ্ট বিষয় নিয়ে এখনও সওয়াল বাকি রয়েছে। সেই কারণেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১১ আগস্ট।

হাই কোর্টে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এবং অয়ন ভট্টাচার্য। আদালতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে।

এখন নজর আগামী ১১ আগস্টের শুনানির দিকে। আদালতের পরবর্তী পর্যবেক্ষণ এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Related posts

Leave a Comment