August 2, 2026
রাজ্য

হকার সমস্যা মেটাতে স্টেট মনিটরিং কমিটির ভাবনা, সমীক্ষায় থাকবেন হকার প্রতিনিধিরাও

কলকাতা— হকার সমস্যা দীর্ঘমেয়াদে সমাধানের লক্ষ্যে স্টেট মনিটরিং কমিটি গঠনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রস্তাবিত এই কমিটির সঙ্গে যৌথভাবে সমীক্ষার কাজে অংশ নেবেন হকার সংগঠনের প্রতিনিধিরাও। শনিবার রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে বিভিন্ন দাবি তুলে ধরে।

বৈঠক শেষে হকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কলকাতা পুরসভা এলাকায় ২০১৫ সাল পর্যন্ত ৫৯ হাজার ৫৯ জন হকারের একটি তালিকা রয়েছে। সংগঠনের দাবি, সেই তালিকাভুক্ত হকারদের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে ২০১৫ সালের পরে যাঁরা বিভিন্ন রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেছেন, তাঁদের বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ভবিষ্যতে সেই বিষয়টি নিয়ে সরকার পৃথকভাবে বিবেচনা করবে বলে ইঙ্গিত মিলেছে।

বৈঠকে হকার সংগঠনের প্রতিনিধিরা আরও দাবি করেন, নিয়ম মেনে ব্যবসা করা হকারদের সঙ্গে বেআইনিভাবে ফুটপাত দখলকারীদের একসঙ্গে দেখা উচিত নয়। তাঁদের বক্তব্য, নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুটপাতের এক-তৃতীয়াংশ অংশ ব্যবহার করে ব্যবসা করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে পুরো ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

সংগঠনের অভিযোগ, স্থানীয় স্তরে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং প্রশাসনের একাংশের মদতেই বহু জায়গায় নিয়ম ভেঙে ফুটপাত দখল করা হচ্ছে। এই পরিস্থিতি বন্ধ করে বৈধ হকারদের স্বার্থ রক্ষার দাবিও তাঁরা মন্ত্রীর কাছে তুলে ধরেন।


বৈঠক প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, দুর্গাপুজো পর্যন্ত কোনও হকার উচ্ছেদ করা হবে না বলে আগে যে সিদ্ধান্ত জানানো হয়েছিল, সেটিই বহাল থাকবে।

হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক অসিত সাহা জানান, তাঁদের বিভিন্ন দাবি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে স্টেট মনিটরিং কমিটি গঠনের বিষয়ে ইতিবাচক আশ্বাস মিলেছে। সেই কমিটি সমীক্ষার কাজ শেষ করার পর ফের আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Related posts

Leave a Comment